রাজবাড়ী, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র রাখার দায়ে আলী জামান নামের এক ব্যক্তিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে রাজবাড়ির আদালত।
রাজবাড়ির বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন বুধবার এ দণ্ডাদেশ দেন।
আলী জামানের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার বহলাডাঙ্গা গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৬ জানুয়ারি পাংশা থানা পুলিশ জামানকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পরদিন তার বাড়ির কাছের একটি কলাবাগান থেকে পলিথিনে মোড়ানো একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে।
২৭ জানুয়ারি পুলিশ বাদি হয়ে পাংশা থানায় জামানের বিরুদ্ধে একটি মামলা করে।
সরকার পক্ষের মামলা পরিচালনা করেন ফরিদ উদ্দিন আহম্মেদ এবং আসামি পক্ষে ছিলেন চিত্তরঞ্জন গুহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮৪৪ ঘ.
bdnews24