নারায়ণগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার মামলায় ঢাকার ওয়ার্ড কমিশনার বিএনপি নেতা আরিফুর রহমান আরিফকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আরিফুর রহমানের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানিতে অংশ নেন রাষ্ট্রপক্ষে কোর্ট পুলিশের উপ-পরিদর্শক ফায়েকুজ্জামান, অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু, মামলার বাদী খোকন সাহা প্রমুখ।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন ভূঁইয়া বারী।
শুনানিকালে বাদীপক্ষ বলে, মুফতি হান্নান রিমান্ডে জানিয়েছেন চাষাড়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনার সঙ্গে হরকাতুল জিহাদ ও বিএনপি নেতা-কর্মীরা জড়িত। যেহেতু আরিফুর রহমান আরিফ বিএনপি নেতা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি তাই তাকে রিমান্ডে নেওয়া হলে চাষাড়ার বোমা হামলার ঘটনার তথ্য বেরিয়ে আসবে।
এদিকে আসামিপক্ষের আইনজীবী আরিফের রিমান্ড বাতিলের আবেদন জাানয়ে বলেন, আরিফুর রহমান একজন জনপ্রিয় ওয়ার্ড কমিশনার। তিনি বোমার হামলার সঙ্গে জড়িত নন। তাকে হয়রানির উদ্দেশ্যে এ মামলায় জড়ানো হয়েছে।
চাষাড়া আ. লীগ কার্যালয়ে বোমা হামলার মামলায় গত বুধবার আরিফকে গ্রেপ্তার দেখায় মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আ. লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় সিআইডি আরিফুর রহমানকে গ্রেপ্তার করে। তিনি ঢাকা মহানগর বিএনপির বিলুপ্ত কমিটি এবং রমনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
২০০১ সালের ১৬ জুন চাষাড়া আ. লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলায় ২০ জন নিহত ও শতাধিক আহত হয়। হতাহতদের অধিকাংশই আ. লীগ নেতা-কর্মী। ঘটনার পরপরই শহর আ. লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকারসহ বিএনপির ২৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলাম ২০০২ সালের জুনে আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আদালত ঘটনাটি পুনতদন্তের নির্দেশ দেয়।
মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডি'র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট ইউসুফ আলী মোল্লা জানান, চাষাড়ায় আ. লীগ অফিসে বোমা হামলার ঘটনায় বিএনপি নেতা আরিফ জড়িত বলে জিজ্ঞাসাবাদে মুফতি হান্নান আমাদের জানিয়েছে।
এর আগে এই মামলায় মুফতি আবদুল হান্নানকে তিন দফায় মোট ১৯ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১২ ঘ.
bdnews24