রাজশাহী, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগর যুবলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খোকনকে (৩৮) একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে নগরীর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন নগরীর শিরোইল এলাকার আজেদ আলীর ছেলে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, খোকন নগরীর শাহমখদুম থানার একটি অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি।
তিনি বলেন, ২০০১ সালের ২৭ সেপ্টেম্বর নগরীর উপকণ্ঠের ডাঙ্গিপাড়ায় একটি বাড়িতে শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটে। পরে সেখান থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করে। খোকন ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি।
থানায় জিজ্ঞাসাবাদ শেষে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২২ ঘ.
bdnews24