২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণের দোকানে চুরি: ১২১ ভরি সোনা উদ্ধার, গ্রেপ্তার ৭

গুলশানে নূর জুয়েলার্স থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কারের কিছু অংশ উদ্ধার ও এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাত জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বর্ণালংকার উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে নূর জুয়েলার্স থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কারের কিছু অংশ উদ্ধার ও এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাত জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বর্ণালংকার উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক। গত ২২ সেপ্টেম্বর (ঈদের দিন) নগরীর গুলশান প্লাজার নূর জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়। সব মিলিয়ে মোট ছয় কোটি টাকার (প্রায় দেড় হাজার ভরি সোনা) মালামাল চুরি হয় বলে দোকানের মালিকরা পুলিশকে জানায়। কিন্তু পুলিশ বলছে, তাদের হিসাব অনুযায়ী চুরি যাওয়া সোনার পরিমাণ ৫৪৩ ভরি। এর মধ্যে ১২১ ভরি সোনা ও নগদ আড়াই লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, গোয়েন্দা পুলিশের একটি টিম গত ৩ অক্টোবর মিরপুর সেনপাড়া পর্বতা এলাকায় অভিযান চালিয়ে চোরনেতা জাকির গাজী (৪০) ও শহীদকে (৩০) গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ চোর জাহাঙ্গীর (৩৯) ও শাহ আলম (৪০) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় ১০ জন জড়িত ছিল বলে স্বীকার করে। তিনি জানান, সিধেল চোর দলের নেতা জাকির গাজী বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) পদে নির্বাচনের জন্য জনসংযোগ করছিলেন। এ উদ্দেশ্যে তিনি এলাকায় বিপুল অংকের অর্থও বিতরণ করেন। ডিএমপি কমিশনার শহিদুল হক জানান, ঈদের দু'দিন আগে নূর জুয়েলার্সের পাশে 'নারায়নগঞ্জ বিরিয়ানী'র সামনে চোর দলের সদস্য জাকির এবং শাহ আলম আতর ও টুপির দোকান পেতে বসে। ওই চুরির যাবতীয় অর্থের যোগান দেয় জাকির। সে ছিল ওই অভিযানের দলপতি। জাকির দোকান পরিচালনার জন্য জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা দেয়। ঈদের দিন সকালে লোকজন ঈদের জামাতে গেলে চোর দলের দুই সদস্য মিজান ও সালাম বিরিয়ানী হাউসের সাটার কেটে ভেতরে ঢুকে। এরপর তারা নূর জুয়েলার্স ও বিরিয়ানীর দোকানের মাঝখানের দেওয়াল ভেঙে নূর জুয়েলার্সে প্রবেশ করে। তারা দুপুর পর্যন্ত জুয়েলার্সের লোহার আলমারি ও সিন্দুক ভেঙে স্বর্ণালঙ্কার লুট করে কাপড়ের ব্যাগে ভরে জাকিরের সিএনজি অটোরিক্সাযোগে এসে মালিবাগ সানরাইজ হোটেলে অবস্থান নেয়। সেখানে বসে তারা স্বর্ণালঙ্কারের পাথরগুলো ফেলে দেয়। পরে তারা ৩ কেজি স্বর্ণালঙ্কার নিয়ে বাগেরহাট জেলার শরণখোলা এলাকায় চলে যায়। লুট হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে ২১৪ ভরি বাগেরহাটের স্বর্ণব্যবসায়ী বিশ্বজিতের কাছে ১৬ লাখ টাকায় বিক্রি করে। বিশ্বজিৎ ৫ লাখ টাকা দিয়ে বাকী টাকা আত্মসাতের বাহানা শুরু করে। সে পুলিশের ভয় দেখিয়ে চোর দলকে তাড়িয়ে দেয়। পরে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার বাগেরহাটে অভিযান চালিয়ে স্বর্ণব্যবসায়ী বিশ্বজিতকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ১শ সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও ২ লাখ ৫০ হাজার টাকা, চোর দলের সদস্য মিজানের বাবা ফজলু ও মা মিনারা বেগমকে সাড়ে ১৮ ভরি স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার করে। চুরির ঘটনায় গ্রেপ্তার জাহাঙ্গীর জানায়, চুরি বা ছিনতাই করলে সঙ্গে সঙ্গে কোনো নিরাপদ স্থানে গিয়ে ভাগবাটোয়ারা করা হয়। নূর জুয়েলার্সে চুরির পর একই দিন মালিবাগের সানরাইজ হোটেলে গিয়ে পাথরগুলো ফেলে দিয়ে শুধু স্বর্ণালঙ্কার ভাগ করা হয়। এতে দলের সদস্যরা জনপ্রতি ২৭ ভরি করে স্বর্ণালঙ্কার ভাগ পায়। আর বাকি অংশ দলের নেতা জাকির নিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ওই দোকানের নিরাপত্তাকর্মী ও নারায়নগঞ্জ বিরিয়ানী হাউসের কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২০৪৭ ঘ.