গোপালগঞ্জ/ফরিদপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফলসী গ্রাম থেকে সোমবার ভোরে নিষিদ্ধ হরকাতুল জিহাদের (হুজি) এক সাজাপ্রাপ্ত জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আবুল হোসেন ওরফে আবুল হাশেম (৫৬) হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য। তার বাড়ি কাশিয়ানীর ফলসী গ্রামে বলে র্যাব জানায়।
র্যাব-৭ চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট এসএম আশরাফুল আলম দুপুরে ফরিদপুর র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানান, ভোর ৪টার দিকে ফলসী গ্রামের বাড়ি থেকে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ১৯৯৬ সালে কক্সবাজারের উখিয়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় হুজির সামরিক প্রশিক্ষণ ক্যাম্প থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ৪৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় আদালত ৪১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ জনকে খালাস দেয়। পরে আসামিরা হাইকোর্টে আপিল করলে আদালত সাজা কমিয়ে ১২ বছরের সাজা দেয়। আবুল হাশেম সাজাপ্রাপ্তদের একজন।
এরপর আদালত থেকে বিভিন্ন সময় জামিন নেওয়ার পর থেকে ওই আসামিরা পলাতক ছিলেন। র্যাব ও পুলিশ এ পর্যন্ত তাদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/ডিডি/২০১৬ ঘ.
bdnews24