২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিকে নবায়নযোগ্য জ্বালানি ও নদী খননে সহযোগিতার আহ্বান

নবায়নযোগ্য জ্বালানি এবং নদী খনন খাতে সহযোগিতা ও বিনিয়োগের জন্য জার্মানির প্রতি আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত হলগার মিশায়েল সোমবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 02:17 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবায়নযোগ্য জ্বালানি এবং নদী খনন খাতে সহযোগিতা ও বিনিয়োগের জন্য জার্মানির প্রতি আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত হলগার মিশায়েল সোমবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্যের বাজার উল্লেখ করে ফারুক খান বলেন, "দুই দেশের সম্ভাবনা কাজে লাগিয়ে রপ্তানির পরিমাণ আরো বাড়ানো যেতে পারে।" মন্ত্রী এ সময় দেশের বিকাশমান জাহাজ নির্মাণ শিল্প এবং টেক্সটাইল খাতেও জার্মান অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগানোর আগ্রহ ব্যক্ত করেন। জার্মান রাষ্ট্রদূত বলেন, গত দশ বছরে জার্মানি ও বাংলাদেশের বাণিজ্য চারগুণ বেড়েছে। তিনি বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখান। ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশ থেকে ২২৬৯ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য জার্মানিতে রপ্তানি হয়েছে এবং সেখান থেকে আমদানি হয়েছে ৪১০ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশ ৬৮১ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য জার্মানিতে রপ্তানি করে এবং সেখান থেকে আমদানি করে ১৬৮ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। জার্মানিতে বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, চিংড়ি, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, সিরামিক পণ্য, বাইসাইকেল ও পাটজাত দ্রব্য ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/এসকে/২০১২ঘ.