ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের সন্তানদের নিরাপত্তা বিধানে সোমবার সংসদে 'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯' বিল আকারে সংসদে উত্থাপিত হয়েছে।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আইন প্রণয়ন কার্যাবলীর শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিলটি উত্থাপন করেন।
বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন স্পিকার।
প্রস্তাবিত বিলের বিধান অনুসারে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে সরকার নির্ধারিত শর্তে ওই পরিবারের প্রত্যেক সদস্যের জন্য নিরাপদ ও সুরক্ষিত আবাসনের ব্যবস্থা গ্রহন এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেবে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, "বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) অধ্যাদেশ-১৯৮৬ এর অধীন ভিআইপি'র জন্য যে নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আজীবন সেরূপ নিরাপত্তা সর্বত্র প্রদান করবে।"
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, "স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি ও তাদের দেশী-বিদেশী দোসরদের সহায়তায় হীন চক্রান্তের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যা করে মানব ইতিহাসে এক কলঙ্কময় কালো অধ্যায়ের সূচনা করে। এই চক্রান্তের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য জীবিত সদস্যকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। এখনো ওই চক্রান্ত অব্যাহত রয়েছে। এ অবস্থায় বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা রক্ষার্থে রাষ্ট্র কর্তৃক কতিপয় ব্যবস্থা গ্রহণ করা সমীচিন ও প্রয়োজনীয় বিধায় এ সংক্রান্ত একটি আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধানে আইন প্রণয়নের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
আওয়ামী লীগ ২০০১ সালে ক্ষমতা ছেড়ে দেওয়ার আগে ওই বছরের ২০ জুন সংসদে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন-২০০১ হয়েছিলো। পরে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় এসে ওই বছরেরই ২ ডিসেম্বর সংসদে ওই আইনটি বাতিল করে।
সোমবার 'মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-২০০৯' বিল আকারে সংসদে উপস্থাপন করেন মৎস্য ও পশু সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/কেআরসি/এমএইচসি/এজে/এসএইচ/১৯৫৫ ঘ.
bdnews24