২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

সাভার ও গাজীপুরে রোববার সড়ক দুর্ঘটনায় শিশু ও মহিলাসহ পাঁচজন নিহত ও ১১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার ও গাজীপুরে রোববার সড়ক দুর্ঘটনায় শিশু ও মহিলাসহ পাঁচজন নিহত ও ১১ জন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ- সাভার: আশুলিয়া-টঙ্গী সড়কে বাস, ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে শিশু ও মহিলাসহ চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহত দু'জনের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকা ও টঙ্গীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে তুরাগ থানার তালতলা এলাকায় সাহেব আলী মাদ্রাসার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে মুখোমুখী ধাক্কা দেয়। এ সময় বাস ও ট্রাকের পেছনে থাকা দু'টি প্রাইভেট কারও দুর্ঘটনার শিকার হয়। এতে বাসের চার যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলায় সকালে যাত্রীবাহী বাস ও নছিমনের সংঘর্ষে নছিমন চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক যাত্রী। নিহত জয়নাল আবেদীন (৩০) শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাকাকোড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে। আহত নসিমন যাত্রীর নাম কাওসার (২৮)। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে তেলিরচালা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক মারা যান। লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/০০১০ ঘ.