মৌলভীবাজার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনশৃংখলা পরিস্থিতির অবনতি এবং এক ব্যবসায়ীর টাকা ছিনতাই ঘটনার প্রতিবাদে রোববার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের চৌমোহনা চত্বর এলাকায় ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রায় পাঁচ শতাধিক মানুষ এতে অংশ নেন।
মানববন্ধন শেষে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৯ লাখ টাকা ছিনতাইয়ের পর আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ ব্যবসায়ীসহ শহরের মানুষ উদ্বিগ্ন।"
এছাড়া শহরে চুরি, ডাকাতি, খুন ও ছিনতাই বেড়েছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা মামলা করেও সুফল পাচ্ছে না।
পুলিশের শিথিল মনোভাবের কারণে শ্রীমঙ্গলে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে অভিযোগ করে তিনি।
তিনি অবিলম্বে ছিনতাই হওয়া টাকা উদ্ধার, ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট শ্যামল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাকা ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
গত ২৫ সেপ্টেম্বর সকালে ২/৩ ছিনতাইকারী ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কদর আলীর ২৯ লাখ টাকা নিয়ে একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২১০০ ঘ.
bdnews24