২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট মামলার অধিকতর তদন্তের সময় বেড়েছে

২১ আগস্ট গ্রেনেড হামলার দুই মামলায় অধিকতর তদন্তের জন্য আরও সময় পেয়েছেন তদন্ত কর্মকর্তা আব্দুল কাহ্হার আখন্দ। রোববার আদালত তাকে হত্যা মামলা তদন্তে আরও দুই মাস এবং বিস্ফোরক মামলা তদন্তে আরও তিন মাস সময় দিয়েছে। তদন্ত কর্মকর্তার পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দুটি মামলা তদন্তে তিন মাস করে সময় চেয়েছিলেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 08:52 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার দুই মামলায় অধিকতর তদন্তের জন্য আরও সময় পেয়েছেন তদন্ত কর্মকর্তা আব্দুল কাহ্হার আখন্দ। রোববার আদালত তাকে হত্যা মামলা তদন্তে আরও দুই মাস এবং বিস্ফোরক মামলা তদন্তে আরও তিন মাস সময় দিয়েছে। তদন্ত কর্মকর্তার পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দুটি মামলা তদন্তে তিন মাস করে সময় চেয়েছিলেন। হত্যামামলায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম দুই মাস সময় দেন। বিস্ফোরক মামলায় ঢাকার ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ এন এম বশিরউল্লাহ তিন মাসই সময় দেন। রোববারই এ দুই মামলায় অধিকতর তদন্তের জন্য আগের দেওয়া সময় শেষ হয়েছিল। গত ৩ আগস্ট আদালত এ সময় দেন। ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের আলাদা দুটি মামলা চলছে। বেশ কয়েকজনের হাত ঘুরে বর্তমানে মামলাটি তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার কাহ্হার আকন্দ। গত ২৫ জুন রাষ্ট্রপক্ষ থেকে মামলা দুটো অধিকতর তদন্তের আবেদনে বলা হয়, গ্রেনেড হামলা ঘটনায় ব্যবহৃত আর্জেস গ্রেনেডের উৎস এবং এর সংরক্ষণ ও ব্যবহারের সঙ্গে বিশেষজ্ঞ শ্রেণীর কারা জড়িত তা উদঘাটনের জন্য অধিকতর তদন্ত করা প্রয়োজন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিণ্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি। ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাই যে এ হামলার উদ্দেশ্য ছিল, তা পরবর্তী সময়ে জঙ্গিদের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে। ওই ঘটনায় মতিঝিল থানায় উপ-পরিদর্শক শরীফ ফারুক আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ দীর্ঘসূত্রতার পর গত বছরের ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৫২৫ ঘ.