বাগেরহাট, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার গুলশান প্লাজার নূর জুয়েলার্স থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এবং নগদ আড়াই লাখ টাকা বাগেরহাটের শরণখোলা থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার রাতে রায়েন্দা বাজারের একটি সোনার দোকান এবং খোন্তাকাটা ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
বাগেরহাট পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রায়েন্দা বাজারের শ্রীগুরু জুয়েলার্স এবং খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব খোন্তাকাটা গ্রামের ফজলু তালুকদারের বাড়িতে এসব স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পাওয়া যায়।"
শ্রীগুরু জুয়েলার্সের মালিক বিশ্বজিৎ কর্মকার (৩২) এবং ফজলু তালুকদার (৫০) ও তার স্ত্রী মিনারা বেগম (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।
গত ২১ সেপ্টেম্বর নূর জুয়েলার্স থেকে স্বর্ণালঙ্কারসহ ছয় কোটি টাকার মালামাল চুরি হয় বলে দোকানের মালিকরা পুলিশকে জানায়।
শরণখোলার ওসি জানান, ওই ঘটনার পর গ্রেপ্তার পূর্ব খোন্তাকাটা গ্রামের জাকির গাজী এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাশবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আলীর স্বীকারোক্তি অনুযায়ী শরণখোলায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি; তবে উদ্ধারকরা স্বর্ণের পরিমাণ জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৪৩ ঘ.
bdnews24