২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার বসছে সংসদের মুলতবি অধিবেশন

১৮দিন বিরতির পর নবম সংসদের তৃতীয় অধিবেশনের মুলতবি বৈঠক বসছে রোববার বিকেল ৪টায়। প্রধান বিরোধী দল বিএনপি 'পরিবেশ সৃষ্টি না হওয়ার' অভিযোগ তুলে এতে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 05:09 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮দিন বিরতির পর নবম সংসদের তৃতীয় অধিবেশনের মুলতবি বৈঠক বসছে রোববার বিকেল ৪টায়। প্রধান বিরোধী দল বিএনপি 'পরিবেশ সৃষ্টি না হওয়ার' অভিযোগ তুলে এতে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে। গত ৭ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হয়। এরপর ঈদ ও দুর্গাপূজার জন্য ১৫ সেপ্টেম্বর স্পিকার আবদুল হামিদ ৪ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত এ অধিবেশন মুলতবি ঘোষণা করেন। এ অধিবেশনে স্থানীয় সরকার (ঢাকা সিটি করপোরেশন) বিল ২০০৯, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিল ২০০৯সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিল পাস হতে পারে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। রোববারের অধিবেশনে না গেলে টানা ৩৩ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকবে প্রধান বিরোধী দল। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার আব্দুল হামিদ একাধিকবার বিরোধীদলকে সংসদে ফেরার আহবান জানিয়েছেন। নিউ ইর্য়ক সফরকালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের নির্যাতনের কথা মাথায় রেখে সংসদে ফেরার আহবান জানান প্রধানমন্ত্রী। তবে শুক্রবার বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "সংসদের ভেতর-বাইরে সরকারের নয় মাসের কার্যক্রম দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংসদে ফিরে আসার যে আহ্বান জানিয়েছেন, তা কার্যকর করতে হলে আগে পরিবেশ সৃষ্টি করতে হবে। সরকারি দল এখনও সে পরিবেশ সৃষ্টি করেনি।" গত ২৫ জানুয়ারি নবম সংসদের প্রথম অধিবেশনে যোগ দেয় বিএনপি। তবে অধিবেশন কক্ষের আসন বিন্যাস নিয়ে ওই অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস ২৮ জানুয়ারি থেকেই সংসদ বয়কট শুরু করে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসএইচ/২২৫৭ ঘ.