২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পুলিশ ও আনসার সদস্যকে পেটালেন আ.লীগ নেতা

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাতিমুরা গ্রামে শনিবার সকালে এক পুলিশ কর্মকর্তা ও আনসার সদস্যকে পিটিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ছাত্রলীগ কর্মী তার দুই ছেলে। ঘটনার পর পুলিশ এলাকায় বেধড়ক লাঠিপেটা করলে অন্তত ২০ জন আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

কক্সবাজার, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাতিমুরা গ্রামে শনিবার সকালে এক পুলিশ কর্মকর্তা ও আনসার সদস্যকে পিটিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ছাত্রলীগ কর্মী তার দুই ছেলে। ঘটনার পর পুলিশ এলাকায় বেধড়ক লাঠিপেটা করলে অন্তত ২০ জন আহত হন। মারধরের শিকার হয়েছেন উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান এবং বিশেষ আনসার সদস্য মোহাম্মদ পলাশ খান। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের লাঠিচার্জে আহত জালাল আহমদ (৫৮) নামের একজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে ভর্তি করা হয়েছে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে। তার নাম জানা যায়নি। এ ছাড়া আহত হাতিমুরা গ্রামের বাসিন্দা আবদুল হামিদ, দিলা হোসেন, দীল মোহাম্মদ, সৈয়দ নূর, মতিউর রহমান, নুরুল আলম, নুরুল হক, তোফায়েল আহমদ ভূট্টো ও মোহাম্মদ হোছাইনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত এএসআই হাবিবুর রহমান জানান, উখিয়া থানায় জমিজমা সংক্রান্ত একটি অভিযোগ তদন্ত করতে তিনি এবং আনসার সদস্য মোহাম্মদ পলাশ খান সকাল ৯টার দিকে হাতিমুরা গ্রামে যান। তদন্ত শেষে ফেরার পথে ওই এলাকার বাসিন্দা উপজেলা আ. লীগের সদস্য আলী আহমদ ওরফে আলী মেম্বার এবং তার দুই ছেলে শেখ জামাল ও শেখ কামাল লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। তিনি বলেন, "আলী মেম্বারের দাবি এলাকায় পুলিশ আসতে হলে তাকে জানিয়ে আসতে হবে। তা না করায় আমাদের মারধর করা হয়েছে।" পরে বিডিআর ও অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে বলে তিনি জানান। এদিকে আহত এলাকাবাসী আবদুল হামিদ, দীল মোহাম্মদ বলেন, এই ঘটনার পর পুলিশ এলাকায় গিয়ে সামনে যাকে পেয়েছে তাকেই বেধড়ক পিটিয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুর রহিম জানান, হাসপাতালে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুইজনকে ভর্তি করা হলেও পরে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে আহত পুলিশ কর্মকর্তা ও আনসার সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়নি বলেও তিনি জানান। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সার্কেল) মিজানুর রহমান পুলিশের উপর হামলার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে গ্রামবাসীকে লাঠিপেটা করার ঘটনা ঠিক নয় বলে তিনি জানান। এ ব্যাপারে উখিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আদিল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের ওপর হামলাকারী আলী মেম্বার আওয়ামী লীগ নেতা ঠিকই, কিন্তু তাকে তো পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য বলা হয়নি।" উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নোমান দাবি করেন, শেখ জামাল ও শেখ কামাল এক সময় ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকলেও এখন তারা সংগঠনের কেউ নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৯ ঘ.