২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

চরমপন্থীদের দমনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যে খুলনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। শনিবার ভোররাতে নিহত আবু সাঈদ (৪৫) নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 06:31 AM

Updated : 26 Apr 2022, 12:07 PM

খুলনা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমপন্থীদের দমনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যে খুলনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। শনিবার ভোররাতে নিহত আবু সাঈদ (৪৫) নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে। খুলনার পুলিশ সুপার (এসপি) মো. শামসুদ্দীন জানান, ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের আমভিটা গ্রামে রাত দেড়টার দিকে ওই 'বন্দুকযুদ্ধ' হয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমভিটা শিশু বিদ্যালয় মাঠে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছার পর চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যাযে চরমপন্থীরা পালিয়ে গেলে সাঈদকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।" সাঈদকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসপি জানান, ঘটনাস্থলে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি পাওয়া গেছে। পুলিশ জানায়, সাইদের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজি ও বিস্ফোরক আইনে তিনটিসহ কয়েকটি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। সাঈদের বাড়ি ডুমুরিয়ার মঠবাড়িয়া গ্রামে। মারবাধিকার সংগঠন অধিকার জানায়, গত নয় মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৮০ জনের বেশি নিহত হয়েছে। নিহতের এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তার বন্ধের দাবিও জানিয়েছে সংগঠনটি। তবে সরকার বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২১৪ ঘ.