ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টেলিভিশন একুশে টিভির চেয়ারম্যানের স্ত্রীর কাছ থেকে প্রতিষ্ঠানের গাড়ি উদ্ধারে শনিবার ভোররাতে মহাখালী ডিওএইচএসের একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
আদালতের পরোয়ানা নিয়েই ওই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান।
একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আব্দুস সালাম বলছেন, বাড়িটি তার। তবে তার স্ত্রী ফারজানা শিল্পীর দাবি, ওই বাড়িটি আব্দুস সালাম তার নামে লিখে দিয়েছেন।
পুলিশ কর্মকর্তা মতিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই বাড়িতে একুশে টিভির গাড়ি আটকে রাখার অভিযোগে আব্দুস সালামের পক্ষে একটি মামলা করেন তার আইনজীবী আসাদুজ্জামান বাবুল।"
ওই মামলায় অভিযোগ করা হয়, শিল্পী ইটিভির তিনটি গাড়ি ও কাগজপত্র আটকে রেখেছেন। গত ১ অক্টোবর আদালত বাদির পক্ষে আদেশ দেয়।
আদালতের আদেশ নিয়েই রাত ১টার দিকে ওই বাড়িতে (ডিওএইচএস-এর ২৩ নম্বর সড়কের ৩৩৬ নম্বর বাড়ি) অভিযান চালানো হয় বলে জানান এসআই মতিয়ার।
তবে ভেতর থেকে কেউ দরজা না খোলায় পুলিশ বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষার পর রাত ৩টার দিকে বাড়িতে ঢুকতে সক্ষম হয়। পরে একুশে টিভির চেয়ারম্যান আইনজীবী নিয়ে সেখানে যান।
এসআই মতিয়ার বলেন, "বাসার ভেতর থেকে বলা হয় দরজার নিচ দিয়ে আদালতের আদেশের কপি দেখানোর জন্য। কিন্তু পুলিশ তা করতে পারে না।"
তিনি জানান, সালামের আইনজীবীসহ পুলিশ ওই বাড়ির ফটকে দু'ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করে।
এদিকে নিজেকে ফারজানা শিল্পীর ভাই পরিচয় দিয়ে শামীম নামে একজন মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সালাম প্রভাব খাটিয়ে স্ত্রীকে হয়রানির জন্য পুলিশ পাঠিয়েছেন।"
ওই বাড়ির মালিকানা শিল্পীর বলেও দাবি করেন তিনি। সালামের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগও আনেন তিনি। ওই ফোনে শিল্পীও কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে।
তবে আব্দুস সালাম স্ত্রী নির্যাতনের অভিযোগ নাকচ করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একান্তই আমাদের পারিবারিক বিষয়। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ ঘটনার অবতারণা করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১১১১ ঘ.
bdnews24