২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় পৃথক দুর্ঘটনায় চারজন নিহত

নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নারায়ণগঞ্জে বৃহস্পতিবার পৃথক দুর্ঘটনায় চারজন নিহত এবং পুলিশের এক কর্মকর্তাসহ চারজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নারায়ণগঞ্জে বৃহস্পতিবার পৃথক দুর্ঘটনায় চারজন নিহত এবং পুলিশের এক কর্মকর্তাসহ চারজন আহত হয়েছে। এর মধ্যে নাটোরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন, চাঁপাইনবাবঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় একজন এবং নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একজন করে মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদেও পাঠানো খবর: নাটোর: বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ বাজার মোড়ে নাটোর-ঢাকা মহাসড়কে একটি ট্রাক ও সংবাদপত্রবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে চারজন। এদের একজন পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)। জেলার বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে সংবাদপত্রবাহী একটি পিকআপ নাটোর আসার পথে আগ্রাণ বাজার মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। তিনি বলেন, "এতে পিকআপের আরোহী অজ্ঞাতপরিচয় দুই মাছ ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান এবং এক পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হন। ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।" ওসি রশিদ জানান, অচেতন অবস্থায় মুকুল (৩৫) নামের একজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার চাপড়া গ্রামে। আহতদের মধ্যে আরও আছেন- সিরাজগঞ্জের তাড়াশ থানার এসআই আব্দুর রাজ্জাক (৩৮), নওগাঁর রাণীনগর উপজেলার গোনা গ্রামের রাজ্জাক (৩২) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাজাহান আলী (৪২)। এদেরকে বড়াইগ্রামের আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বনপাড়া হাইওয়ে থানায় মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ: শহরের গোদাগাড়ি সড়ক এলাকায় বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। নিহত সাঞ্জুর রহমান (৭৫) পৌর এলাকার আরামবাগ মহল্লার বাসিন্দা। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৮টার দিকে প্রাতঃভ্রমণ শেষে বাড়ি ফেরার সময় পৌরসভার সামনে একটি দ্রুতগামী মোটরসাইকেল সাঞ্জুর রহমানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ৯টার দিকে তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জ: বন্দর উপজেলার মদনপুর এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার ভোরে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো. খসরু (৪৮) মদনপুরে সুরুজ স্পিনিং মিলের কর্মী। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানায় কাজ শেষে ভোর ৫টার দিকে বাসায় ফিরছিলেন খসরু। পথে মদনপুর এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাড়কে দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে তাকা চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।" তিনি জানান, ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকটিকে আটক করে। তবে চালক পালিয়ে যায়। ময়না তদন্তের জন্য খসরুর লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২০৩৬ ঘ.