ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরপর কয়েকজন ভারতীয় জঙ্গিকে গ্রেপ্তারের পর বাংলাদেশে তাদের নেটওয়ার্ক ভেঙে পড়েছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ।
রাজধানীর গাবতলী এলাকা থেকে বুধবার রাতে এমদাদুল্লাহ ওরফে মাহবুব (২৮) নামে এক সন্দেহভাজন লস্কর-ই-তইয়্যবা সদস্যকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ দাবি করেছে, গ্রেপ্তার মাহবুব লস্কর-ই-তইয়্যবার আদর্শ নিয়ে গঠিত আসিফ রেজা কমান্ডো ফোর্সের সদস্য এবং বাংলাদেশ অঞ্চলের প্রধান।
সে পাকিস্তান ভিত্তিক হরকাতুল জিহাদিয়া ইসলামিয়া আজাদিয়া-এর সদস্য ছিল বলেও পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে গ্রেপ্তার এমদাদুল্লাহকেও হাজিরা হয়।
গত জুলাই মাসে ভারতীয় জঙ্গি ওবায়দুল্লাহ ও মনসুর আলীকে গ্রেপ্তারের পর বাংলাদেশে তাদের নেটওয়ার্ক ভেঙে পড়েছে দাবি করে মহানগর উপ-কমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম বলেন, "জঙ্গিরা মূলত পালিয়ে এসে বাংলাদেশকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিতো। এখানে এসে তারা হুজির আশ্রয়-প্রশ্রয়ে থাকতো। মাঝে-মধ্যে একযোগে কাজ করতো।
"তবে জঙ্গিনেতা আব্দুল্লাহ বাংলাদেশে তাদের একটা নিরাপদ আশ্রয়স্থল তৈরির চেষ্টা করেছিল। এখান থেকে তারা বিভিন্ন দেশে যোগাযোগ ও কার্যক্রম পরিচালনার চেষ্টায় ছিল। পরপর একাধিক শীর্ষ জঙ্গি গ্রেপ্তারে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।"
গ্রেপ্তারের ভয়ে জঙ্গিরা এখন নিজেদের মধ্যে যোগাযোগ বন্ধ রেখেছে বলেও জানান তিনি।
উপ-কমিশনার আরও জানান, গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল গাবতলী এলাকায় অভিযান চালিয়ে এমদাদুল্লাহকে গ্রেপ্তার করে।
তার কাছ থেকে বাংলাদেশী ভোটার পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
গত বছরের নভেম্বরে ভারতের 'মুম্বাই হামলা'র জন্য লস্করকে দায়ী করা হয়। মুম্বাই হামলায় বেঁচে যাওয়া একমাত্র হামলাকারী আজমল আমির কাসাব লস্করের সদস্য বলে তদন্তে পেয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো।
এছাড়া ২০০৬ সালের জুলাইয়ে মুম্বাই রেলে হামলা, ২০০৫ সালে দিপাবলী উৎসবের সময় দিল্লীতে হামলার ঘটনায় লস্করকে দায়ী করা হয়। এ তিন হামলায় পাঁচ শতাধিক লোকের মৃত্যু হয়েছিল।
উপ-কমিশনার মনিরুল ইসলাম জানান, বুধবার গ্রেপ্তার এমদাদুল্লাহর বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পদ্মপুকুর গ্রামে। তার বাবার নাম আনসার আলী ওরফে আবু আনসার।
গ্রেপ্তার এড়াতে এমদাদুল্লাহ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলো। এ সময় সে নয়টি ছদ্মনাম ব্যবহার করে।
তিনি আরও জানান, এর আগে গত জুলাই মাসে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ভারতীয় জঙ্গি মুফতি ওবায়দুল্লাহর সঙ্গে বাংলাদেশে তার যোগাযোগ ছিল। এমদাদুল্লাহর চাচা হচ্ছে জুলাই মাসে গ্রেপ্তার হওয়া আরেক সন্দেহভাজন জঙ্গি মাওলানা মনসুর আলী। তার মাধ্যমে ওবায়দুল্লাহর সঙ্গে তার পরিচয় হয় এবং ওবায়দুল্লাহর কাছ থেকে সে মাসোহারা পেতো।
এমদাদুল্লাহ পাকিস্তানের বেলুচিস্তানের গোপন আস্তানায় একমাস অস্ত্র চালনার প্রশিক্ষণ নেয়। সে বিভিন্ন ধরনের সমরাস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করতে পারে। জঙ্গি নেতা আব্দুল্লাহ তাকে এই প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয়। এরপর সে আসিফ রেজা কমান্ডো ফোর্সের হয়ে বিভিন্ন কাজ শুরু করে বলে জানান গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার।
তিনি বলেন, "এমদাদুল্লাহ মূলত বিভিন্ন সীমান্ত দিয়ে জঙ্গিদের নির্বিঘ
bdnews24