চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চালককে খুন করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতের পর কোন এক সময় আনোয়ারা-বরকল সড়কের বিলপুর রাস্তার মোড়ে চালক আবুল কালামকে (৩৫) হত্যা করা হয়।
এলাকাবাসী থানায় খবর দিলে শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত অটোরিকশা চালকের বাড়ি চন্দনাইশ উপজেলার দক্ষিণ জোয়ারা গ্রামে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে ওই চালককে খুন করে তার লাশ বরকল রাস্তার মাথায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চালক কালামের মোবাইল ফোন সেট ও টাকাও নিয়ে গেছে তারা।
ওসি জানান, থানায় মামলা হয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮১৩ ঘ.
bdnews24