চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক শীর্ষ সন্ত্রাসী আবু বকর ওরফে কানা বক্কর (৩৫) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় গুরুতর অসুস্থ্য অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বৃহস্পতিবার) দুপুরে আবু বকর গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে।"
তিনি জানান, আবু বকর দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আতাউর বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি জানান, গত বছর গুলিবিদ্ধ অবস্থায় তাকে কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশে তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালেও পাঠানো হয়। পরে কারা হাসপাতালেই তার চিকিৎসা চলে। এক সপ্তাহ আগে একটি মোবাইল ফোন সেট পাওয়ায় তাকে হাসপাতাল থেকে কারাকক্ষে স্থানান্তর করা হয়।
আতাউর রহমান বলেন, বিকেলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের উপস্থিতিতে আবু কক্করের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
গত বছর ৩ জানুয়ারি পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ এ শীর্ষ সন্ত্রাসীকে দুটি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। ছাত্রলীগের ক্যাডার হিসাবে তার উত্থান ঘটে। পরে তিনি বিএনপিতে যোগ দেন। নগরীরর ঢেবার পাড় এলাকার তিনি থাকতেন। তার বাবার নাম আবদুল মালেক। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২২৫২ ঘ.
bdnews24