হবিগঞ্জ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের এক গ্রামে ৭ মাসের জমজ শিশু সন্তানদের পানিতে ডুবিয়ে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন এক মা।
বৃহস্পতিবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমল কুমার জানান, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের মানসিক ভারসাম্যহীন মা রাবেয়া খাতুন সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার ৭ মাস বয়সের জমজ ছেলে হাবিব ও মেয়ে সালমাকে পুকুরে ফেলে দেন। পরে তিনি নিজেও আরেকটি পুকুরে ডুবে আত্মহত্যা করার চেষ্টা করেন।
পারিবারিক কলহের জের ধরে রাবেয়া এই কাণ্ড করেন বলে প্রতিবেশীরা জানায়।
স্থানীয় লোকজন রাবেয়া খাতুনকে উদ্ধার করে বানিয়াচং হাসপাতালে ভর্তি করে। পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করেছে।
রাবিয়া খাতুন পুলিশের কাছে নিজেও সন্তানদের ডুবিয়ে মারার কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৩৪০ঘ.
bdnews24