২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক স্তরে একই সিলেবাসে শিক্ষা চায় সরকার

প্রাথমিক স্তরে বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থাকে (বাংলা, ইংরেজী ও মাদ্রাসা) একীভূত করার ইঙ্গিত দিয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার অন্তত প্রাথমিক স্তরে সবার জন্য একই সিলেবাসের শিক্ষা চালু করতে চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রাথমিক স্তরে বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থাকে (বাংলা, ইংরেজী ও মাদ্রাসা) একীভূত করার ইঙ্গিত দিয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার অন্তত প্রাথমিক স্তরে সবার জন্য একই সিলেবাসের শিক্ষা চালু করতে চায়। মন্ত্রী বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থার 'নেতিবাচক' দিক তুলে ধরে মন্ত্রী বলেন, "শুধু প্রাথমিক স্তরেই ১১ ধারার শিক্ষা চালু আছে। এতে করে রেজাল্টসহ নানা ক্ষেত্রে বৈষম্য তৈরি হচ্ছে।" বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কুদরত-ই-খুদা কমিশনের আলোকে প্রণীত শিক্ষানীতিকে আরও যুগোপযোগী করে আগামী কয়েক মাসের মধ্যে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান নূরুল ইসলাম নাহিদ। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে দেশের প্রবীণ শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তারা কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনকে যুগোপযোগী করার পরামর্শ দিলে মন্ত্রী এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, "সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা কমিশন পরিবর্তন একটা সংস্কৃতি হয়ে গিয়েছিলো। আমরা সেটা চাই না। আপনাদের জানাতে চাই কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের আলোকে গত আওয়ামী লীগ সরকারের আমলে যে শিক্ষানীতি (ড.শামসুল হক শিক্ষা কমিশন) প্রণয়ন করা হয়, শিক্ষাবিদসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তা আরও যুগোপযোগী করে আগামী কয়েকমাসের মধ্যে বাস্তবায়ন করা হবে।" মন্ত্রী তাকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য শিক্ষকদের আহ্বান জানিয়ে বলেন, "আপনারা শিক্ষকের মতোই আমার ভুল-ত্র"টিগুলো ধরিয়ে দেবেন।" তিনি বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ে কোন প্রকার দুর্নীতি চলতে পারবে না।" মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, "বাংলা, ইংরেজী ও মাদ্রাসা- এই তিন ধারার শিক্ষা ব্যবস্থা সামাজিক বিভাজনকে আরও গভীর করছে। এজন্য অভিন্ন শিক্ষানীতি চালু করা উচিত। এক্ষেত্রে কুদরত-ই-খোদা শিক্ষা কমিশনের আলোকে একটি শিক্ষানীতি করা দরকার। অন্তত এসএসসি পর্যন্ত একই ধারার শিক্ষা ব্যবস্থা থাকা দরকার।" বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি অভাবনীয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে থেকে সেটা হারে হারে টের পাচ্ছি। আমরা অনেক বিশ্ববিদ্যালয়ে দুনীর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দিয়েছি। কিন্তু সঠিকভাবে অ্যাকশন হয়নি। আমার মনে হয় এ বিষয়ে একটি কমিশন হওয়া উচিত।" বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয় চালুর জন্য বেসরকারকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান তিনি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, "বর্তমানে বিজ্ঞান শিক্ষায় দুরবস্থা চলছে। বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। এজন্য এ বিষয়ে হাত দেওয়া দরকার।" শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল বলেন, "একমুখী শিক্ষা ( মাধ্যমিক স্তরে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিককে এক করার প্রস্তাব) প্রতি বছর স্থগিত হয়। এটা সত্যিকারে বন্ধ করে দিতে হবে। কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন খুবই চমৎকার। প্রয়োজনে এর মধ্যে নতুন কিছু সংযোজন করে তা বাস্তবায়ন করা যেতে পারে।" মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক রঙ্গলাল সেন, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক মুস্তফা নুরুল ইসলাম, অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক কাজী সালেহ আহমেদ, অধ্যাপক হাফিজ জিএ সিদ্দিকী, অধ্যাপক কেএম সা'দ উদ্দিন, অধ্যাপক অনুপম সেন, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, অধ্যাপক শফিউদ্দিন আহমেদ, শামসুজ্জামান, ড. হারুন অর-রশিদ, অধ্যাপক রফিকুল ইসলাম, মোস্তফা জব্বার, অধ্যাপক মমতাজ উদ্দিন পাটওয়ারি প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২১০০ ঘ.