২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ ভাগ উপজেলায় সফল নির্বাচন হয়েছে: ছহুল

কিছু অনিয়ম সত্ত্বেও উপজেলা নির্বাচন ৯০ শতাংশ সফল হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। নির্বাচন নিয়ে অভিযোগ করতে 'নির্বাচনী ট্রাইব্যুনালে' যাওয়ার পরামর্শ দেন তিনি। নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছহুল হোসাইন এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছু অনিয়ম সত্ত্বেও উপজেলা নির্বাচন ৯০ শতাংশ সফল হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। নির্বাচন নিয়ে অভিযোগ করতে 'নির্বাচনী ট্রাইব্যুনালে' যাওয়ার পরামর্শ দেন তিনি। নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছহুল হোসাইন এ কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, "অনিয়ম হয়তো কমবেশি হয়েছে; তবে এটা ১০ ভাগের বেশি নয়। ৯০ ভাগ ক্ষেত্রেই নির্বাচন সফল হয়েছে। অনিয়মের ঘটনাগুলো ইসি খতিয়ে দেখছে। তবে এখন নির্বাচনের ব্যাপারে ঢালাও আপত্তি ইসি আমলে নেবে না। তাদেরকে সংশ্লিষ্ট জেলার যুগ্ম জেলাজজ নিয়ে গঠিত ট্রাইব্যুনালে যেতে হবে।" আগামী দুই তিন দিনের মধ্যে তৃতীয় উপজেলা নির্বাচনের ফলাফল গেজেট আকারে জারি হবে বলেও জানান কমিশনার। ছহুল হোসাইন জানান, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট 'নির্বাচনী ট্রাইব্যুনালে' সংক্ষুব্ধরা অভিযোগ করতে পারবেন। নির্বাচন কমিশনার বলেন, "ট্রাইব্যুনাল ছয় মাসের মধ্যে আপত্তির নিষ্পত্তি করবে। আর ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কারো কোনো আপত্তি থাকলে আপিল রায়ের ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে সর্বোচ্চ চার মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে।" ২২ জানুয়ারির উপজেলা নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে নির্বাচনের পর থেকেই ইসিতে প্রচুর আপত্তি জমা পড়েছে। মঙ্গলবার সাতটি উপজেলার নির্বাচনের ফলাফল স্থগিত করার পর থেকে এ সংখ্যা আরও বাড়তে থাকে। আর কোনো উপজেলার নির্বাচনী ফল স্থগিত হচ্ছে কিনা- জানতে চাওয়া হলে ছহুল হোসাইন বলেন, "অনিয়মের যে সব ঘটনা ঘটেছে তার ভিত্তিতেই ইসি সাতটি উপজেলার ফলাফল স্থগিত করেছে। আপাতত এসব উপজেলার গেজেট প্রকাশ করা হবে না।" জাতীয় নির্বাচনের প্রশাসন নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হলেও উপজেলা নির্বাচনে একই রকম সহযোগিতা পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামীর নিবন্ধন বিষয়ে আদালতের কারণ দর্শানো নোটিশ প্রসঙ্গে ছহুল হোসাইন বলেন, "এটি বিচারাধীন বিষয়। এ বিষয়ে ইসির যা বলার তা আদালতেই বলবে।" রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি শিগগির জারি করা হবেও বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, "আমরা একটা সম্ভাব্য সময়সূচি দিয়েছি। স্পিকারের সঙ্গে আলোচনার পর শিগগির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।" এদিকে, ৮ উপজেলায় পুনর্নিবাচন দাবি করেছে বিএনপি। বুধবার দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন। রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, "নির্বাচনে বিভিন্ন অনিয়ম নিয়ে ইসিতে অভিযোগ দিয়েছি। আমরা ৮ টি উপজেলায় পুনঃভোটগ্রহণ দাবি করেছি। এসব উপজেলা হচ্ছে- বাগেরহাটের মোড়েলগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ি, জামালপুর সদর, চট্টগ্রামের ফটিকছড়ি, দিনাজপুরের বীরগঞ্জ, বরিশালের বাউফল, মাদারীপুর সদর ও কুমিল্লা সদর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এমএইচসি/এএল/জিএনএ/২০২৯ ঘ.