ঢাকা জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মসজিদের খতিব নিয়ে অপ্রীতিকর বিরোধের অবসান দাবি করেছে 'জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মুসল্লী পরিষদ' ও আওয়ামী ওলামা লীগ।
সংগঠন দুটি মসজিদ নিয়ে রাজনীতি না করা এবং সেখানকার পবিত্রতা রক্ষার জন্যে মুসুল্লীদের প্রতি আহবান জানিয়েছে।
বুধবার সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মুসল্লি পরিষদের নেতারা বলেন, "মসজিদ একটি পবিত্র স্থান। সেখানে রাজনীতি করার চেষ্টা , জুতা মারামারি করা গুনাহ্র কাজ। যারা এইসব করে, তারা ইসলামে বিশ্বাস করে না।"
পরিষদের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "নিয়মতান্ত্রিকভাবেই খতিবকে নিয়োগ দেওয়া হয়েছে। তার এই নিয়োগ বজায় রাখা সরকারেরই দায়িত্ব।"
তিনি মসজিদে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহবান জানান।
এছাড়া বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে মসজিদে অপ্রীতিকর ঘটনা বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যে সরকারকে আহবান জানানো হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নতুন নিয়োগপ্রাপ্ত খতিবকে কেন্দ্র করে জুম্মার নামাজের সময় গোলমাল হয়ে আসছে। এক শ্রেণীর মুসল্লি খতিবকে বিতর্কিত আখ্যা দিয়ে তার পেছনে নামাজ পড়তে অস্বীকৃতি জানিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩১৬ঘ.
bdnews24