টাঙ্গাইল, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মধুপুর গড়ে সোমবার রাতে বাস ডাকাতদের হামলায় এক আদিবাসী স্কুল শিক্ষিকা নিহত এবং অপর দুই শিক্ষিকা আহত হয়েছেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গায়রা মিশনারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসন্তী মাংসাং (৪৮) এবং অপর দুই শিক্ষিকা মনিকা নকরেক (৩০) ও দ্বিজনী নকরেক (৩৮) মধুপুরের জলছত্র মিশনে একটি সভা করতে আসেন।"
ওসি গোলাম মোস্তাফা বলেন, "সভা শেষে সন্ধ্যা সাতটার দিকে তারা বাড়ির উদ্দেশে গড় এলাকার পঁচিশ মাইল বাসস্ট্যান্ড থেকে প্রান্তিক পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি বড়বাইদ এতিমখানার কাছে পৌঁছলে যাত্রীবেশী ডাকাতদল যাত্রীদের মারপিট ও লুটপাট শুরু করে।"
তিনি বলেন, "এ সময় বাসন্তী মাংসাং তার হাতের ব্যাগটি না দেওয়ায় ডাকাতরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে ডাকাতরা গড় এলাকার মোনারবাইদ নামক স্থানে গাড়ি থামিয়ে জঙ্গলে পালিয়ে যায়।"
গোলাম মোস্তাফা বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে আহত বাসন্তী মাংসাংকে উদ্ধার করে প্রথমে জলছত্র মিশনারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া। সেখানে রাত ৮টা ৪০ মিনিটে তিনি মারা যান।"
আহত অপর দুই শিক্ষিকাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পরপরই ডাকাতদল ধরতে অভিযান শুরু করা হয়েছে বলে জানান ওসি গোলাম মোস্তফা।
বাসন্তী মাংসাং এর মৃত্যুর খবর শোনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী পঁচিশ মাইল বাসস্ট্যান্ডের পুলিশ চেক পোস্ট ভাঙচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৫১ ঘ.
bdnews24