ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- উপজেলা নির্বাচনে নিজ নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তারে নির্বাচন কমিশনের অভিযোগ অস্বীকার করেছেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস।
নির্বাচনের ৪ দিন পর সোমবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "প্রধান নির্বাচন কমিশনারের ওই অভিযোগ ঠিক নয়। আমি কোনো কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করিনি।"
কোন মন্ত্রীর প্রভাব বিস্তারের প্রয়োজন হলে 'এলাকায় যাওয়ার প্রয়োজন হয় না' বলে মন্তব্য করেন তিনি।
আবদুল লতিফ বিশ্বাস বলেন, "আমি ব্যক্তিগতভাবে আমার ভোট দিতেই এলাকায় গিয়েছি। ভোট কেন্দ্রটি আমার বাড়ির পাশেই নিজের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানে। সেখানে ভোট দিয়ে বাসায় গিয়ে চা খেয়েছি। পরে সেখান থেকে ঢাকায় ফিরে অফিস করেছি। তাই সেখানে কোন কেন্দ্রে প্রভাব খাটানোর কোন প্রশ্নই ওঠে না।"
নির্বাচন কমিশনের কোন বিধিনিষেধও লঙ্ঘন করেননি বলে দাবি করেন মন্ত্রী।
নির্বাচন কমিশনের 'অমূলক' বক্তব্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসাররাও বিস্ময় প্রকাশ করেছেন বলে মন্তব্য করেন তিনি।
গত ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের সময় মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী তার নিজস্ব নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় ছিলেন। তিনি ভোট দিতে নিজের এলাকার কেন্দ্রে যান।
ওই দিন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা অভিযোগ করেন কিছু মন্ত্রী ও সাংসদ নিজ এলাকায় নির্বাচনে 'অপ্রত্যাশিতভাবে' প্রভাব বিস্তার করেছেন।
উপজেলা নির্বাচনে সংসদ নির্বাচনের তুলনায় বেশ কম ভোট পড়ায় ও বড় না হলেও দেশ জুড়ে বেশ কিছু সহিংসতা ও অনিয়ম হওয়ায় অসন্তোষ প্রকাশ করে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এসকে/২৩১৫ঘ.
bdnews24