২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচারে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

যুদ্ধাপরাধীদের বিচারে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েনের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জাতিসংঘের সহায়তা চান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েনের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জাতিসংঘের সহায়তা চান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় মন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে সরকারের দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন। এ বিষয়ে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জাতিসংঘ প্রতিনিধি মন্ত্রীকে আশ্বস্ত করেন। পরে রেনেটা লক ডেসালিয়েন সাংবাদিকদের বলেন, "সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জাতিসংঘের সহযোগিতা চাইলে এ বিষয়ে কিভাবে সহায়তা দেওয়া যায় তা খতিয়ে দেখা হবে।" এদিকে ট্রাইব্যুনাল গঠন করে ১৯৭৩ সালের 'আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল' অধ্যাদেশ অনুযায়ীই যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব বলে মনে করেন আইন মন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দালাল আইন পুনরুজ্জীবিত করার প্রয়োজন নেই। ১৯৭৩ সালের আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ এখনো রয়েছে। ওই আইনেই তাদের বিচার করা সম্ভব। তবে এ আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার করতে হলে ট্রাইব্যুনাল গঠন করতে হবে।" "স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নিলে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আইনি সহায়তা দেওয়া হবে," বলেন আইন মন্ত্রী। শফিক আহমেদ জানান, আওয়ামী লীগ নির্বাচনী ইস্তেহার অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই করবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির প্রথম সভা শেষে প্রতিমন্ত্রী সোহেল তাজ যুদ্ধাপরাধীদের বিচারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে জানান। তিনি বলেন, "এবারের নির্বাচনে মহাজোটের একটি প্রতিশ্র"তি ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা যা দেশের প্রায় দেড় কোটি তরুণ ভোটারসহ দেশবাসী গ্রহণ করেছে। তাই মানুষের রায় বিবেচনায় রেখে যুদ্ধাপরাধীদের বিচারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভূমিকা রাখবে।" এর আগে গত ২৪ জানুয়ারি 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির' ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় সরকারের বেশ কয়েকজন মন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন। ওই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেআরসি/এমএ/এএল/জিএনএ/এসকে/২১২৯ ঘ.