ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--১৯৭৩ সালের আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ অনুযায়ীই যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব বলে মনে করছেন আইন মন্ত্রী শফিক আহমেদ।
তবে এই আইনে বিচার করতে হলে ট্রাইব্যুনাল গঠন করতে হবে বলে জানান তিনি।
সোমবার আইনমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দালাল আইন পুনরুজ্জীবিত করার প্রয়োজন নেই। ১৯৭৩ সালের আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ এখনো রয়েছে। ওই আইনেই তাদের বিচার করা সম্ভব। তবে এ আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার করতে হলে ট্রাইব্যুনাল গঠন করতে হবে।"
যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে সরকার কী উদ্যোগ নিয়েছে- এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "মুলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত আইনী সহায়তা প্রদান করবে।"
তিনি আরও বলেন, সরকারকে একটু সময় দেন। আওযামী লীগ তার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার করবে। তবে সরকার আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।
২৪ জানুয়ারি 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি'-র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় সরকারের বেশ কয়েকজন মন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্ত্রীদের মধ্যে ছিলেন; স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিদ্যুত, খনিজ ও জ্বালানী প্রতিমন্ত্রী মোঃ শামসুল হক টুকু।
আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইস্তেহারেও যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে অঙ্গীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৮১৪ ঘ.
bdnews24