ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বন সংরক্ষক আলী কবির হায়দারের অবৈধ আয়ের থেকে ৭৫ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
রোববার ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রব্বানী আলী কবির হায়দারের আইনজীবীর আবেদন শুনানির পর ওই অনুমতি দেন।
আবেদনে বলা হয়, আলী কবির হায়দার গত বছরের ১৩ নভেম্বর সত্য ও জবাবদিহিতা কমিশনে চাকরি জীবনে অবৈধ অর্থ উপার্জনের কথা অকপটে স্বীকার করে রাষ্ট্রীয় কোষাগারে ৭৫ লাখ টাকা জমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
আদালতে পাঠানো সত্য ও জবাবদিহিতা কমিশনের উপসচিব শামীম আল-মামুনের প্রতিবেদন থেকে জানা যায়, আলী কবির হায়দার ও তার স্ত্রী ইসমত আরা রীতার নামে বাংলাদেশ ব্যাংকে ৫ বছর মেয়াদী ৩২টি সঞ্চয়পত্র এবং পূবালী ব্যাংক মতিঝিল শাখায় আরো টাকা রয়েছে। এই সঞ্চয়পত্রের টাকা ও পূবালী ব্যাংকের জব্দ করা টাকা থেকে ৭৫ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার জন্য তিনি ট্রুথ কমিশনে আবেদন করেছিলেন।
জ্ঞাত আয় বহির্ভূত ৯৪ লাখ ৯৮ হাজার ৩০৫ টাকার সম্পদ অর্জন এবং ১৯ লাখ ২০ হাজার ৫৯৭ টাকা অর্থমূল্যের সম্পদের তথ্য গোপনের দায়ে ২০০৭ সালের ২৭ নভেম্বর রমনা থানায় আলী কবির হায়দার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়। গতবছরের ২৭ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে দুজনই হাইকোর্ট থেকে জামিন পান। গতবছর ২৩ নভেম্বর তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিবি/এইচএ/এসকে/২৩৪৮ঘ.
bdnews24