২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে তিস্তার খালের বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রাজীব এলাকায় তিস্তা সেচ প্রকল্পের প্রধান বাঁধ ভেঙে শনিবার ভোরে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কমপক্ষে দেড় হাজার একর জমির উঠতি গম, আলু, সরিষা, মরিচ ও তামাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

নীলফামারী, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রাজীব এলাকায় তিস্তা সেচ প্রকল্পের প্রধান বাঁধ ভেঙে শনিবার ভোরে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কমপক্ষে দেড় হাজার একর জমির উঠতি গম, আলু, সরিষা, মরিচ ও তামাক। বাঁধ মেরামতে ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানান, কিশোরগঞ্জের চেংমারী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে কৃষক মোখলেছুর রহমান লাবু শনিবার ভোরে তিস্তা সেচ প্রকল্পের প্রধান খালে পাইপ ঢুকিয়ে জমিতে পানি নেওয়ার চেষ্টা করলে ডানতীরের বাঁধ ভেঙ্গে যায়। পানির তোড়ে বাঁধের কমপক্ষে ২৫ ফুট অংশ বিধ্বস্ত হয়। ওই অংশ দিয়ে পানি ঢুকে তলিয়ে যায় চেংমারী, গদা, রাজীব ও কিশোরগঞ্জ গ্রাম। এতে ওই চার গ্রামের কমপক্ষে দেড় হাজার একর জমির উঠতি গম, আলু, সরিষা, মরিচ ও তামাক তলিয়ে গেছে। ভেসে গেছে কমপক্ষে ২০টি পুকুরের মাছ। বাঁধ মেরামত না হওয়া পর্যন্ত রংপুর অঞ্চলে সেচ কার্যক্রম বন্ধ থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কিশোরগঞ্জের রাজীব এলাকার কৃষক আব্দুর রাজ্জাক, আব্দুল বারী, ইয়াসিন আলী, গদা গ্রামের কৃষক রফিকুল ইসলামসহ আরও বেশ কয়েকজন কৃষক অভিযোগ করেছেন, তাদের গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে তিস্তা সেচ প্রকল্পের প্রধান খাল। অথচ তারা ইরি-বোরো আবাদের জন্য খালের পানি পান না। খালের পানি পেতে কর্তৃপক্ষের কাছে বহুবার ধরনা দিয়েছেন তারা। কিন্তু কাজ হয়নি। তারা বলেন, অনেক কৃষকই নিজ দায়িত্বে বাঁধে পাইপ ঢুকিয়ে খালের পানি নিয়ে ইরি-বোরো আবাদ করছে। কৃষকের দাবিকে গুরুত্ব দিলে এমনটি হতো বলে তারা দাবি করেন। পাউবো'র নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন বলেন, "বিধ্বস্ত অংশ মেরামতে ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। বাঁধের ভাঙা অংশে বালুর বস্তা ফেলা হচ্ছে।" কৃষকদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, "প্রধান খালের নকশায় আউট লেট'র ব্যবস্থা রাখা হয়নি। তাই তাদের পানি দেওয়া যাচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৩ ঘ.