চাঁদপুর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলার থেকে শনিবার বাকি দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
এরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার ছাইখোলা ইউনিয়নের ফজলুল হকের ছেলে রবিউল হক (৪০) ও মৃত ইমান আলীর ছেলে আব্দুল কাদের (৩৮)।
গত রোববার রাত ৩টার দিকে সাব্বির-১ নামের ওই ট্রলারটি ডুবে যায়। ওই সময় ২৪ শ্রমিক ঘুমিয়ে ছিলেন এবং এদের সবাই মারা গেছেন। ট্রলারে থাকা আরও ২৬ শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। মঙ্গলবার ট্রলার থেকে ২২ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকেলে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে কাজ করার সময় দুই শ্রমিকের লাশ পাওয়া যায়। খবরটি তাদের স্বজনদের জানানো হয়েছে বলেও তিনি জানান।
ট্রলারটি চাঁদপুরের আলুরবাজার থেকে মাটি নিয়ে মুন্সীগঞ্জের জাজিরা এলাকায় যাওয়ার সময় রোববার গভীর রাতে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ২৪ শ্রমিকেরই বাড়ি পাবনার চাটমোহরের ছাইখোলা গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.
bdnews24