২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অবরোধ-ভাঙচুর, সংঘর্ষে আহত ২৩ শ্রমিক

গাজীপুর শহরের অনতিদূরে বাস দুর্ঘটনায় একজন পোশাক শ্রমিক আহত হওয়ার ঘটনায় শনিবার সকালে ক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ এবং ৭/৮টি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় র‌্যাব ও পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৩ শ্রমিক আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 11:49 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

গাজীপুর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর শহরের অনতিদূরে বাস দুর্ঘটনায় একজন পোশাক শ্রমিক আহত হওয়ার ঘটনায় শনিবার সকালে ক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ এবং ৭/৮টি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় র‌্যাব ও পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৩ শ্রমিক আহত হন। সকাল পৌণে ৮টা থেকে ১০টা পর্যন্ত স্থায়ী এ গোলাযোগে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ কর্মকর্তারা জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনের সড়কে সকাল পৌণে ৮টার দিকে বাস দুর্ঘটনায় মোহাম্মদীয়া গার্মেন্টস কারখানার কর্মী শফিকুল ইসলাম (২৫) আহত হন। এ খবর কারখানায় পৌঁছালে তার সহকর্মীরা রাস্তায় নেমে আসে। এ সময় শফিকুল মারা গেছে বলে গুজব রটে। এতে ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে ৭/৮টি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে জয়দেবপুর থানা ও গাজীপুরে পুলিশ লাইন থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে এসে শ্রমিকদের নিবৃত্ত করার চেষ্টা করে। পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়ে যায়। এ সময় র‌্যাব সদস্যরা এসে পুলিশের সঙ্গে যোগ দেয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিকদের অবস্থান লক্ষ্য করে অন্তত ২০ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে। র‌্যাব ও পুলিশের সম্মিলিত তৎপরতায় শ্রমিকরা সড়ক থেকে সরে যায় এবং দলভারী করার জন্য আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা চালায়। র‌্যাব-পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৩ গার্মেন্ট শ্রমিক আহত হয়ে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এরা হলেন- রীনা (৩৫), মরিয়ম (২০), মুন্নী (২১), মঞ্জুয়া (৩৫), জবেদ আলী (৩০), শারমীন (২৫), পপি (২০), কণা (২০), মরিয়ম (২২), রবিউল (২৬), রহিমা (২১), হামিদা (৩০), মীনা (২০), সাদিয়া (২০), আল আমিন (১৮), লিমা (২১), রুমা (২০), ফকরুল (৩৪), কামাল (২২), পারভীন (২১), মজিদা (২৫), মিনারা (২৬) ও রুমা (২৭)। সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক শফিকুলকে প্রথমে গাজীপুর সদর এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। শ্রমিকদের আহত হওয়ার ব্যাপারে ওসি বলেন, গোলযোগের সময় কলম্বিয়া গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে দেয়। ছুটি পেয়ে শ্রমিকরা একসঙ্গে কারখানা থেকে বের হতে গিয়ে হুড়োহুড়ি ও পদদলিত হয়ে অধিকাংশ আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৮ ঘ.