২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার উপজেলায় নির্বাচন স্থগিত

বিভিন্ন কেন্দ্রে ভোটদানে বাধা, অনিয়ম, ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে কুমিল্লার বরুড়া, সিরাজগঞ্জের বেলকুচি, লক্ষ্মীপুরের রামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্তএ চারটি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 10:02 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন কেন্দ্রে ভোটদানে বাধা, অনিয়ম, ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে কুমিল্লার বরুড়া, সিরাজগঞ্জের বেলকুচি, লক্ষ্মীপুরের রামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্তএ চারটি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন দুপুর সাড়ে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আলাপ করে এ দুই উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে।" তিনি দাবি করেন, "দেশের বিভিন্ন উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন ভোটগ্রহণে তারা সরকারের পূর্ণ সহযোগিতা পাচ্ছেন।" ভোটা পড়ার অবস্থা দিনশেষে ভাল অবস্থায় পৌঁছাবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে লক্ষ্মীপুরের রামগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাচন স্থগিত করে বিকেল সাড়ে তিনটার দিকে এ সংক্রান্ত কাগজ পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশের ৪৮১টি উপজেলার মধ্যে এ পর্যন্ত ছয়টি উপজেলার নির্বাচন স্থগিত হয়েছে। এর আগে বুধবার কক্সাবাজারের উখিয়ায় আওয়ামী লীগের এক নেতার প্রার্থিতা বাতিল করার প্রতিবাদে সমর্থকদের বিক্ষোভ ভাঙচুর, ব্যালট পুড়িয়ে দেওয়ার ঘটনায় ওই উপজেলার নির্বাচন বাতিল করা হয়। গত ১৫ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মী ও সমর্থকরা ভোটারদেরকে ভোট দিতে বাধা দেওয়ায় বেলকুচি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "সার্বিক পরিস্থিতির অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।" প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা ভোটকেন্দ্রগুলো নিজেদের দখলে নিতে তৎপর হয়ে ওঠে। তারা বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। এছাড়া ভোটারদেরকে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিতে চাপ সৃষ্টি করে। অনেক কেন্দ্রে দেখা গেছে, আওয়ামী লীগ প্রার্থীর কেন্দ্র দখলের অপতৎপরতায় ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে ভোট দিতে পারছিলেন না। এ কারণে ভোটার উপস্থিতিও কম দেখা গেছে। এদিকে নির্বাচন স্থগিত করায় আওয়ামী লীগ প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সহ উপজেলা চত্বর ঘেরাও করে। এ সময় তারা উপজেলার বেশ কয়েকটি স্থানে সহিংসতা ও ভাংচুরও করে। এমনকি তারা জাতিসংঘ পর্যবেক্ষক দলের একটি গাড়িও ভাঙচুর করে। ভাঙচুরের খবর পেয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: হুমায়ন কবির ও পুলিশ সুপার মো: আলমগীর রহমার বেলকুচি উপজেলা নির্বাহী অফিসে যান। বিক্ষুব্ধ আওয়ামী নেতা কর্মী ও সমর্থকরা এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবরুদ্ধ করে স্থগিত পূর্ব ভোট গণনা করে ফলাফল ঘোষণার দাবি জানায়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার পর আওয়ামী লীগ সমর্থনকারীদের সঙ্গে সংঘর্ষে বেলকুচি থানার সহকারী দারোগা আশরাফ এবং কনস্টেবল সোহেল আহত হন বলে সহকারী পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি প্রার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।" আওয়ামী সমর্থিত প্রার্থীদের অভিযোগ, নির্বাচন কমিশন ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচন স্থগিত করেছে। এজন্য তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়ী করেছেন। কুমিল্লা প্রতিনিধি জানান, চারটি কেন্দ্রে ব্যালট ছিনতাই, জোরপূর্বক ব্যালটে সিল মারার ও কেন্দ্র দখলের চেষ্টা, প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষ এবং পুলিশের বন্দুক ছিনতাইয়ের ঘটনায় নির্বাচন স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হল- শাহাপুর প্রাথমিক বিদ্যালয়, খোসবাস উচ্চ বিদ্যালয়, আরিফপুর প্রাথমিক বিদ্যালয় ও পিলগিরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমএ/এফএফ/এমএসবি/১৬০০ ঘ..