ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন কেন্দ্রে ভোটদানে বাধা, অনিয়ম, ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে কুমিল্লার বরুড়া ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ দুটি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন দুপুর সাড়ে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আলাপ করে এ দুই উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে।"
তিনি জানান, দেশের ৪৮১টি উপজেলার মধ্যে এ পর্যন্ত চারটি উপজেলার নির্বাচন বাতিল হয়েছে। বুধবার কক্সাবাজারের উখিয়ায় আওয়ামী লীগের এক নেতার প্রার্থিতা বাতিল করার প্রতিবাদে সমর্থকদের বিক্ষোভ ভাঙচুর, ব্যালট পুড়িয়ে দেওয়ার ঘটনায় ওই উপজেলার নির্বাচন বাতিল করা হয়। এর আগে গত ১৫ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।
ছহুল হোসাইন দাবি করেন, "দেশের বিভিন্ন উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন ভোটগ্রহণে তারা সরকারের পূর্ণ সহযোগিতা পাচ্ছেন।"
ভোটা পড়ার অবস্থা দিনশেষে ভাল অবস্থায় পৌঁছাবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মী ও সমর্থকরা ভোটারদেরকে ভোট দিতে বাধা দেওয়ায় বেলকুচি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "সার্বিক পরিস্থিতির অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।"
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা ভোটকেন্দ্রগুলো নিজেদের দখলে নিতে তৎপর হয়ে ওঠে। তারা বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। এছাড়া ভোটারদেরকে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিতে চাপ সৃষ্টি করে।
অনেক কেন্দ্রে দেখা গেছে, আওয়ামী লীগ প্রার্থীর কেন্দ্র দখলের অপতৎপরতায় ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে ভোট দিতে পারছিলেন না। এ কারণে ভোটার উপস্থিতিও কম দেখা গেছে।
কুমিল্লা প্রতিনিধি জানান, চারটি কেন্দ্রে ব্যালট ছিনতাই, জোরপূর্বক ব্যালটে সিল মারার ও কেন্দ্র দখলের চেষ্টা, প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষ এবং পুলিশের বন্দুক ছিনতাইয়ের ঘটনায় নির্বাচন স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হল- শাহাপুর প্রাথমিক বিদ্যালয়, খোসবাস উচ্চ বিদ্যালয়, আরিফপুর প্রাথমিক বিদ্যালয় ও পিলগিরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএ/এফএফ/এমএসবি/১৩৫৩ ঘ.
bdnews24