চট্টগ্রাম, জানুযারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষ নেওয়ার দায়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামানকে চার বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রাম বিশেষ জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এ রায় দেন। রায় ঘোষণার সময় নুরুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক নুরুজ্জামানকে দুই বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনে আরও দুই বছর কারাদণ্ড দিয়েছেন। উভয় সাজা একত্রে কার্যকর হবে।
উদ্ধার করা ঘুষের টাকা সরকারি কোষাগারে জমাদানের নির্দেশ দিয়েছে আদালত।
২০০৭ সালের ২৯ অক্টোবর ফটিকছড়ি উপজেলার দাঁতমারা সরকারি প্রাথমকি বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা আক্তারের কাছ থেকে আট হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামানকে হাতেনাতে আটক করে।
রহিমাকে বদলি করে দেওয়ার বিনিময়ে তার কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন তিনি। ঘটনার পরপর রহিমা আক্তার ফটিকছড়ি থানায় একটি মামলা করেন।
দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক শামসউদ্দিন আহমেদ মামলার তদন্ত শেষে গত বছর ৭ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন এবং ৯ সেপ্টেম্বর অভিযোগ ঘটন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৬০৮ ঘ.
bdnews24