চাঁদপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মেঘনা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় ট্রলার ডুবির প্রায় ৩৩ ঘণ্টা পর ২২ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ লাশগুলো উদ্ধার করা হয়। এখনও দুজন নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া ট্রলারের সন্ধানও মেলেনি।
বিকেল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল উদ্ধার অভিযান চালানো হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ-পুলিশ কর্মকর্তারা।
গত রোববার রাত ৩টায় চাঁদপুরের মতলব উত্তরের দশানী লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় সাব্বির-১ নামের একটি মাটিভর্তি ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা ৫০ শ্রমিকের মধ্যে ২৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকিরা ওই সময় ঘুমিয়ে ছিলেন। ট্রলারটি চাঁদপুরের আলুরবাজার থেকে মাটি নিয়ে মুন্সীগঞ্জের জাজিরায় যাচ্ছিল।
এ পর্যন্ত যাদের লাশ উদ্ধার করা হয়েছে তার হলেন- আক্কাছ (৪০), মাসুদ (৩৮), মুকুল (৩৫), মিজান (৩৫), জয়নাল (৪০), লিটন (২৫), জামান (২৭), আশরাফ (২০), আরিফ (৩৫), আলতাফ (৩০), ফরিদ (২২), আলহাজ (২২), মনির (২৫), নূরু মিয়া (২৭), রবিউল (২৯), নায়েরব (২৮), আলাউদ্দিন (৩০), আতাহার (২৭), নবির হোসেন (৩০), জহিরুল (৩২), রিপন (২৫) ও শাহ আলম (২৫)। এদের সবার বাড়ি পাবনার চাটমোহর উপজেলার ছাইখোলা এলাকায়।
সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিকেল ৫টা পর্যন্ত ২২ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছি। বাকি দুই শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।"
তিনি জানান, লাশগুলো দশানী ঘাটে পুলিশ হেফাজতে আছে। লাশ নেওয়ার জন্য পাবনার চাটমোহর উপজেলার ছাইখোলা ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন সরকার ঘটনাস্থলে এসেছেন।
কামরুজ্জামান জানান, জীবিত শ্রমিকদের সঙ্গে কথা বলে ২৪জন নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। লাশ উদ্ধারে ছয়জন ডুবুরী কাজ করছেন। এদের মধ্যে চাঁদপুর ফায়ার সার্ভিসের তিনজন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একজন, ও ঢাকার কালীগঞ্জ থেকে আসা দুজন ডুবুরী রয়েছেন।
দশানী ঘাটে চার ভাইয়ের লাশের সামনে বসে কান্নায় ভেঙে পড়েন আবুল কালাম (৩২)। দুর্ঘটনার খবর পেয়ে তিনি পাবনা চাঁদপুর এসেছেন।
কান্না জড়িত কণ্ঠে কালাম বলেন, "আমাগো অহন কি অইবো। ভাইগো লাশ নিয়ে কেমনে বাইত যামু। তাগো বউ-পোলাপাইনরে কি কমু"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৩ ঘ.
bdnews24