ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রামে রেল বিভাগের দুটি কার্যালয়ে গভীর রাতে ভাঙচুরের ঘটনায় সরকারি গুরুত্বপূর্ণ কোন নথি চুরি হয়নি বলে দাবি করেছেন সড়ক ও রেলপথ বিভাগের সচিব ইকবাল মাহমুদ।
মঙ্গলবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, "আমরা এখনও মনে করছি যে এটি একটি নিছক চুরির ঘটনা। রেলভবনকে আমরা রক্ষা করতে পারিনি। এটি অত্যন্ত লজ্জাজনক। তবে বিভিন্ন সংবাদপত্রে নথি চুরির যে কথা বলা হয়েছে তা আমদের জন্য আশঙ্কার কারণ। এ ব্যাপারে বিভাগীয় নির্বাহী তদন্ত ও ফৌজদারি তদন্ত চলছে। এর প্রকৃত রহস্য শিগগিরই উদঘাটিত হবে।"
সচিব বলেন, "এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে ঢাকায় রেল ভবন থেকে কোন প্রকার সরকারি গুরুত্বপূর্ণ নথি চুরি হয়নি। এখান থেকে একটি ল্যাপটপ, ল্যাপটপের একটি ব্যাগ, ৪টি মোবাইল সেট এবং ৯২ হাজার ৪১৯ টাকা চুরি হয়েছে। ঘটনার ব্যাপকতায় এ চুরির বিষয়টি অত্যন্ত নগন্য। তবে রেল ভবনে যারা নথি সংরক্ষণ করেন তাদের তথ্য অনুযায়ী আমরা জেনেছি কোন নথি খোয়া যায়নি।"
চট্টগ্রামের রেল ভবনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, "সেখানে কিছু পুরোনো টাইমটেবিল চার্ট ও পুরোনো নথিপত্র একটি কক্ষে রাখা ছিল। সে কক্ষ থেকে অতি পুরোনো কিছু নথি হারিয়ে গেলেও তা তেমন গুরুত্বপূর্ন নয়।"
রেলভবনে এ ধরনের ভাঙচুরের ঘটনার কারণ কি হতে পারে বলে জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, "এটি এখন তদন্তের পর্যায়ে রয়েছে। এ ব্যাপারে কোন মন্তব্য করা ঠিক হবে না। কারণ একটি মন্তব্য পুরো তদন্তকে প্রভাবিত করতে পারে।"
তিনি জানান, ঘটনার নির্বাহী তদন্তে যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ও রেল বিভাগের পক্ষ থেকে পৃথক একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণীতরা সরকারি চাকরিজীবী হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর তারা বাইরের কোন ব্যক্তি হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত একজন সুপরভাইজার ও সাতজন নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, "তবে রেল ভবনের কর্মকর্তারাও এ ঘটনার দায়ে এড়াতে পারেননা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১৩৫৭ ঘ.
bdnews24