ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলার শুনানির নতুন দিন ঠিক করেছে আদালত।
হত্যা মামলার অভিযোগ গঠন এবং বিস্ফোরক মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার শুনানির জন্য ২৭ জানুয়ারি নতুন দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ এন এম বশির উল্লাহ এ দিন নির্ধারণ করেন ।
বিচারক সকাল সাড়ে ১১টায় মামলাটির শুনানির জন্য মামলার নথি গ্রহণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পাবলিক পসিকিউটর এহসানুল হক সমাজী বলেন, "আজ (মঙ্গলবার) মামলা দুটির অন্যতম আসামি মাওলানা আব্দুর রউফকে আদালতে হাজির করা হয়নি। কিন্তু অভিযোগ গঠনের শুনানিতে অবশ্যই গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করতে হয়। কারণ অভিযুক্তের উপস্থিতিতে আসামি দোষী না নির্দোষ তা তাকে জিজ্ঞেস করা হয়। তবে জামিনপ্রাপ্ত আসামি আদালতে হাজির না হলেও তার অনুপস্থিতিতে অভিযোগ গঠন করা যায়।"
এরপর অভিযোগ গঠন এবং অভিযোগ পত্র আমলে নেওয়ার শুনানির জন্য সময় আবেদন করেন তিনি।
এ দু মামলার অন্যতম অভিযুক্ত মাওলানা আকবর হোসেন ওরফে হেলাল উদ্দিন কিভাবে হাইকোর্ট থেকে জামিন পেলেন বিচারক তা জানতে চাইলে আকবরের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, "তাকে (আকবর) অন্তবর্তী জামিন দেওয়া হয়নি। ২০০১ সালের ১৯ নভেম্বর তাকে স্থায়ী জামিন দেওয়া হয়েছে।"
এরপর বিচারক নতুন এ দিন ধার্য করেন।
এসময় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ প্রধান মুফতি আব্দুল হান্নান, আরিফ হাসান সুমন ওরফে আব্দুর রাজ্জাক, শাহাদত উল্লাহ জুয়েল এবং হাফেজ মাওলানা আবু তাহেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত মাওলানা আকবর হোসেনও আদালতে উপস্থিত ছিলেন।
২০০১ সালের ১৪ এপ্রিল (১ বৈশাখ) রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় হামলাকারী সুজনসহ ১০ জন নিহত হয়।
ওই ঘটনার সাত বছর পর গত ৩০ নভেম্বর মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
আসামিরা হলেন- হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, জাহাঙ্গীর বদর (দোহার), মাওলানা তাজউদ্দিন (ঢাকা), শেখ ফরিদ ওরফে রহমতউল্লাহ ওরফে শওকত ওসমান (খুলনা), মুফতি আবদুর রউফ, মুফতি শফিকুর রহমান (কিশোরগঞ্জ), হাফেজ মাওলানা আবু তাহের, আরিফ হাসান সুমন, ঢাকার মাদানী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আকবর হোসেন ওরফে হেলাল উদ্দিন, শাহাবত উল্লাহ ওরফে জুয়েল (নারায়ণগঞ্জ), আব্দুল হান্নান ওরফে মাওলানা সাব্বির, হাফেজ আবু বকর, হাফেজ মাওলানা ইয়াহিয়া (সিলেট) ও মুফতি আব্দুল হাই ওরফে আবু নাঈম (কুমিল্লা)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/জিএনএ/১৩০৬ ঘ.
bdnews24