২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দপ্তরের সবাইকে পদত্যাগপত্র তৈরি করতে বলেছেন নতুন এজি

অন্যতম এক উপ অ্যাটর্নি জেনারেল সোমবার বলেছেন, সদ্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেল (এজি) মাহবুবে আলম তার কার্যালয়ের সব আইনী কর্মকর্তাকে পদত্যাগপত্র তৈরি করতে বলেছেন। উপ অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম মুকুল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অ্যাটর্নি জেনারেল তার অফিসে আজ বিকেলে এক বৈঠকে সব অ্যাটর্নিকে পদত্যাগপত্র জমা দিতে বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 05:59 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অন্যতম এক উপ অ্যাটর্নি জেনারেল সোমবার বলেছেন, সদ্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেল (এজি) মাহবুবে আলম তার কার্যালয়ের সব আইনী কর্মকর্তাকে পদত্যাগপত্র তৈরি করতে বলেছেন। উপ অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম মুকুল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অ্যাটর্নি জেনারেল তার অফিসে আজ বিকেলে এক বৈঠকে সব অ্যাটর্নিকে পদত্যাগপত্র জমা দিতে বলেছেন। সোমবার রাতে যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরোক্ষভাবে মুকুলের বক্তব্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সরাসরি কাউকে পদত্যাগ করতে বলিনি। আমি তাদের পদত্যাগপত্র তৈরি করে রাখতে বলেছি, যাতে সরকারকে তাদের অপসারণ করতে না হয়।" মাহবুবে আলম আরো বলেন, "রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ না করা পর্যন্ত তাদের দায়িত্ব পালন করে যেতে বলেছি আমি।" তিনি বলেন, সাধারণত সরকার পরিবর্তন হলে আইন কর্মকর্তাদের অপসারণ করা হয়। সেটা এড়াতেই তাদের পদত্যাগপত্র তৈরি রাখতে বলা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুকুল বলেছেন, এসব পদত্যাগপত্র তার হেফাজতে থাকবে বলে জানিয়েছেন এজি। অ্যাটর্নি জেনারেল অফিসে বর্তমানে একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ২০ জন উপ অ্যাটর্নি জেনারেল ও ৬০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত আছেন। মুকুল আরো বলেন, "আগামীকাল (মঙ্গলবার) আমরা সবাই পদত্যাগ করবো।" সরকারি সূত্র জানিয়েছে, সরকার তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগের পরিকল্পনা করছে এবং ইতিমধ্যেই জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরবি/আরএএইচ/এসকে/২৩৫৭ঘ.