ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সঙ্কটের সময় সরকারকে 'সহায়তা না করায়' এনজিও ও বেসরকারি খাতের সমালোচনা করলেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী।
সোমবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে মতিয়া চৌধুরী ওই অভিযোগ করেন।
দ্বিতীয়বারের মতো কৃষি মন্ত্রী হওয়া মতিয়া বলেন, "এনজিও বলেন, বেসরকারি খাত বলেন, তারা সঙ্কট মুহূর্তে এগিয়ে আসেন নাই। আমার অভিজ্ঞতা বলে, খুব কৃষক প্রেমিক হিসাবে সরকারকে কোনও দিন সাহায্য করতে তারা এগিয়ে আসেনি।"
সোমবার সিরডাপ মিলনায়তনে 'বোরো উৎপাদন: নবনির্বাচিত সরকারের আশু করণীয়' শীর্ষক এ সংলাপে উপস্থিত দুই কৃষকও মাঠ পর্যায়ের অবস্থা নিয়ে হতাশা ব্যক্ত করেন।
মাটি সংলগ্ন জীবন দর্শন ও স্পষ্টবাদিতার জন্য পরিচিত মতিয়া চৌধুরী সতর্ক করে দিয়ে বলেন, "আমি সিন্ডিকেট বলবো না। তবে সঙ্কট তৈরির জন্য একত্রিত হলে সরকার হস্তক্ষেপ করবে। সব কিছুই সরকার করবে না। কিন্তু সরকারের কিছু দায়িত্ব আছে। কারণ ভোট নিয়ে সরকার এসেছে।"
সার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, থানা পর্যায়ে দাম ঠিক হয়ে গেছে। শুধু বিএডিসি ও বিসিআইসিকেই ভর্তুকি দেওয়া হবে না, বেসকারি ব্যবসায়ীরাও ভর্তুকি পাবে। এটা নিশ্চিত করা হচ্ছে।
সাবেক কৃষি উপদেষ্টা ড. সি এস করিম বলেন, কৃষককে সরাসরি ভর্তুকি দেওয়া কষ্টসাধ্য বিষয়। তবে বোরো মওসুমে কোনও গঠনগত পরিবর্তন করা ঠিক হবে না।
খোলা বাজারে সার বিক্রি করলে ডিলারের পরিবর্তে কৃষকের সুবিধা কতুটুকু হবে তা ভেবে দেখার পরামর্শ দেন তিনি।
প্রতিটি সেচ পাম্প যেন চালু থাকে তা নিশ্চিত করতেও বলেন সি এস করিম।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) আবাসিক প্রতিনিধি আড স্পাইকার্স বলেন, গতবার ১৭ দশমিক ৫ মিলিয়ন টন ধান উৎপাদিত হয়েছিল। এ জন্য সরকারের নীতি ও কৃষকদের প্রচেষ্টা কাজ করেছে।
এবারও সরকারের নীতিগত সমর্থন থাকবে বলে আশা প্রকাশ করেন ফাও প্রতিনিধি। তিনি বলেন, সরকার এবার ১৮ মিলিয়ন টনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা অর্জন সম্ভব হবে। আন্তর্জাতিক সংস্থাগুলো এদেশের কৃষির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন স্পাইকার্স।
নেত্রকোনা থেকে আসা কৃষক নুরুল ইসলাম বলেন, সরকার সারের দাম কমানোর পর সার কিনতে গেলে ডিলাররা বলেছে, সার আসেনি।
আগের দিনও তাদের কাছে সার দেখা গেছে জানিয়ে নুরুল ইসলাম বলেন, "এভাবে ৫/৭ দিন চলে গেলে অনেক পিছিয়ে যাবো। আমাদের এলাকার ব্লক সুপারভাইজারকে একমাস ধরে এলাকায় দেখি না। ধান বিক্রি করতে পারছি না। ব্যবসায়ীরা বলে ধানের দাম কমে গেছে।"
কিশোরগঞ্জ থেকে আসা কৃষক বাহাউদ্দিন বলেন, "সার আরও কম দামে খোলা বাজারে আসলে ভালো হয়। ডিলাররা বলে আমদানি কম। অথচ টেলিভিশনে দেখি যথেষ্ট সার আছে। পত্রিকায় দেখেছি ৫৫ শতাংশ কমেছে। বাস্তবে পাই নাই।"
তিনি আরো বলেন, "কৃষক হতাশ। চড়াদামে সার দিলাম। এখন ধানের দাম কমে এসেছে। এরপর কি হবে। ঘর জমি বিক্রি করা ছাড়া উপায় থাকবে না। কৃষি ঋণের জন্য গেলে অনেক ঘুষ চায়।"
অর্থনীতিবিদ ড. আতিউর রহমান ভর্তুকিকে একধরণের বিনিয়োগ আখ্যা দিয়ে বলেন, "কৃষককে দিলে তার ৩/৪ গুণ ফেরত পাওয়া যায়। তাই এক্ষেত্রে আমরা উদার হবো। মানুষের হাতে টাকা নেই। কিভাবে কৃষকের হাতে টাকা পৌঁছে দেওয়া যায় সেটা ভাবতে হবে।"
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা বিভাগের প্রধান ড. উত্তম দেব। এবারের বোরো মওসুমের লক্ষ্যমাত্রাকে 'অর্জনযোগ্য ও বাস্তবসম্মত' আখ্যা দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২১১৯ঘ.
bdnews24