ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা বলেছেন, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের বিচারের জন্যে জাতিসংঘের সহায়তার দরকার নেই। ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনালস) আইনই এজন্য যথেষ্ট।
সংগঠনের প্রতিষ্ঠার সপ্তদশ বার্ষিকীর দিন সোমবার একথা বলেন নির্মূল কমিটির নেতৃবৃন্দ।
সোমবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলন আয়োজন করে দেড় দশকের বেশি সময় ধরে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলনরত এ সংগঠন।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন,
১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনালস) আইনই যুদ্ধাপরাধীর বিচারের জন্য যথেষ্ট। সে আইনেই বিচারের বিষয়ে সকল নির্দেশনা আছে।"
শাহরিয়ার কবির আরো বলেন, আইনটি এখনো সংবিধানের অংশ বলে তা সমান কার্যকর রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে যুদ্ধাপরাধী ও মৌলবাদ প্রতিরোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কমিটির নেতৃবৃন্দ।
কমিটি এদিন মহাজোট সরকারের যুদ্ধাপরাধীর বিচারের অঙ্গীকার বাস্তবায়নে সহযোগিতার জন্যে দুটি নাগরিক কমিশন গঠনের ঘোষণা দেয়। এই কমিটি যুদ্ধাপরাধী ও মৌলবাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও সরবরাহ করবে।
শাহরিয়ার কবির জানান, কমিশন দুটির চেয়ারম্যান হিসাবে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী দায়িত্ব পালন করবেন। এছাড়া সদস্য সচিব থাকবেন ব্যারিস্টার তানিয়া আমীর ও ঢাবি শিক্ষক রোবায়েত ফেরদৌস। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা কমিশন দুটির সদস্য হিসাবে থাকছেন। কমিশন দুটি আগামী ২৭ মার্চ তাদের সকল তথ্যপ্রমাণ ও সুপারিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেবেন।
ঘাতক দালাল নির্মূল কমিটি এবছর মৌলবাদী নেটওয়ার্ক ও ধর্মনিরপেক্ষতার বিষয়ে দুটি তথ্যচিত্র নির্মাণ এবং মৌলবাদীদের কার্যক্রমের ওপর শ্বেতপত্র প্রকাশ করবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক অজয় রায়, বিচারপতি গোলাম রাব্বানী, স্থপতি রবিউল হুসাইন, অধ্যাপিকা মাহফুজা প্রিয়ভাষিনী ও শিক্ষাবিদ মমতাজ লতিফ উপস্থিত ছিলেন।
শাহরিয়ার কবির তার লিখিত বক্তব্যে বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত রয়েছে মৌলবাদ দমনের বিষয়টি। কারণ এটি এখন শুধু বাংলাদেশ নয়, সকল দেশের জন্যেই সমস্যা হয়ে দাড়িয়েছে।
তিনি আরো বলেন, "৭২ সালে প্রণয়ন করা সংবিধান ছিল বিশ্বের সেরা সংবিধানের একটি। বর্তমান সরকারের উচিত সেই সংবিধান পুনরায় প্রবর্তন করা। সেই সংবিধানের আলোকেই মৌলবাদ ও জঙ্গি কার্যকলাপ অনেকাংশে দমন হয়ে যাবে। প্রয়োজনে সংবিধান পর্যালোচনার জন্যে একটি কমিটিও গঠন করা যেতে পারে।"
'৭২ এর সংবিধানে ফিরে যাওয়া সম্ভব নয় বলে বিএনপি নেতা মওদুদ আহমদের সা
bdnews24