ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় সিলেট বিএনপির নেতা ইলিয়াস আলিসহ দলের ৪৩ নেতাকর্মীকে ছয় মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি আসামিদের কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও মো. দেলোয়ার হোসেনের হাইকোর্ট বেঞ্চ ইলিয়াস আলিসহ ৪৩ বিএনপি নেতাকর্মীর আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
পুলিশ সিলেটের বিশ্বনাথ থানায় ইলিয়াস আলিসহ ৫০ স্থানীয় বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ওই মামলা দায়ের করে।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পরদিন বিশ্বনাথ থানায় কিছু পরিত্যক্ত ব্যালট পেপার পাওয়া যায়। ওই ব্যালট পেপার উদ্ধার করতে গেলে ইলিয়াস আলিসহ অন্য আসামিরা পুলিশের কাজে বাধা দেয়।
ইলিয়াস আলিসহ অন্যদের পক্ষে জামিনের আবেদনটি পরিচালনা করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৯৫৮ঘ.
bdnews24