ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সরকার সংবিধানের ৭৪ অনুচ্ছেদ সংশোধন করে দু'টি ডেপুটি স্পীকারের পদ সৃষ্টি করবে এবং এর মধ্যে একটি প্রধান বিরোধী দল বিএনপিকে দেওয়া হবে।
সোমবার আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম তার ন্যাম ফ্ল্যাটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
সংবিধানের ৭৪ অনুচ্ছেদে বলা হয়েছে, সাধারণ নির্বাচনের পরে সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসেই সর্বপ্রথম একজন নতুন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।
সংসদ সচিব আশফাক হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান 'এখন পর্যন্ত দিনের খসড়া কার্যসূচী অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসে প্রথমেই একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে'।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "দুটো ডেপুটি স্পীকারের পদ সৃষ্টি করতে সংবিধান সংশোধন করে আইন পরিবর্তন করতে হবে। এ ব্যাপারে আলাপ-আলোচনা চলছে।"
তিনি বলেন, 'দেখা যাক ওনারা (বিএনপি) কাকে মনোনয়ন দেন'।
বিএনপি'র পক্ষ থেকে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এর আগে সাংবাদিকদের জানিয়েছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো প্রস্তাব তারা পাননি। তবে বিএনপি এ ধরণের প্রস্তাব পেলে ইতিবাচকভাবে সাড়া দেবে বলে তিনি জানান।
২৫ তারিখেই বিএনপি থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে কিনা সৈয়দ আশরাফ তা পরিষ্কার করে বলেননি। একাধিক ডেপুটি স্পিকারের পদ তৈরি করতে হলে ২৫ তারিখেই একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। এরপর কোনো এক কার্যদিবসে সংসদের দুই-তৃতীয়াংশ ভোটে সংবিধান সংশোধন করে আরো একটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টি করতে হবে।
দু'জন ডেপুটি স্পিকারের মধ্যে কে জ্যেষ্ঠ হবেন বা স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনা করবেন তা নির্ধারণ করবেন স্পিকার।
আওয়ামী লীগ সংসদ নির্বাচনের আগে ঘোষিত ইশতেহারে বলেছিল তারা ক্ষমতায় গেলে 'সংসদকে কার্যকর করতে' বিরোধীদল থেকে ডেপুটি স্পীকার নির্বাচিত করবে।
এ ব্যাপারে আওয়ামী লীগ তাদের এই ওয়াদা বাস্তবায়ন করবে কিনা এ নিয়ে গণমাধ্যমে অনুমাননির্ভর সংবাদ প্রকাশিত হয়ে আসছে। তবে, সৈয়দ আশরাফুল ইসলামই আওয়ামী লীগের নীতি নির্ধারকদের একজন হিসেবে প্রথম এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে সংবিধান সংশোধনের কথা বললেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেএফ/এসকে/১৯৫২ঘ.
bdnews24