২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় রোববার পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 11:32 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

মৌলভীবাজার, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় রোববার পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। এরমধ্যে সকালে শ্রীমঙ্গল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের মুছাই পাহাড়ী এলাকায় বাস চাপায় মারা গেছেন দুই মোটরসাইকেল আরোহী। এরা হলেন- হবিগঞ্জ সদরের উমেদ নগর এলাকার হরি মোহন রায়ের ছেলে গাড়ির যন্ত্রাংশ ব্যবসায়ী যাদন মোহন রায় ও একই এলাকার মৃত ললিত রায়ের ছেলে চঞ্চল রায়। দুপুরের দিকে কুলাউড়া উপজেলার রবিরবাজারের রাউৎগাঁও (আমজল) এলাকায় যাত্রীবাহী বাস ও টেম্পুর মুখোমূখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও তিনজন। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা মৌলভীবাজার-কুলাউড়া সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ও বিডিআর এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন কুলাউড়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন। তিনি জানান, দুর্ঘটনায় টেম্পুযাত্রী তানিয়া (৫), রুমানা বেবী (৪০) ও রহমত আলী (২৩) মারা যান। তাদের বাড়ি কুলাউড়া উপজেলার কৌলা গ্রামে। তবে আহতদের নাম জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা সাজ্জাদ। শ্রীমঙ্গলে নিহত যাদনের বাবা হরি মোহন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়ির যন্ত্রাংশ আনার জন্য তার ছেলে যাদন সকাল সাড়ে সাতটার দিকে হবিগঞ্জের বাসা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বের হয়। মোটরসাইকেল নিয়ে সড়ক পথে শ্রীমঙ্গল আসার সময় মুছাই এলাকায় একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে যাদব ও তার সঙ্গী চঞ্চল মারা যায়। চঞ্চল মোটরসাইকেল চালাচ্ছিলেন। মুছাই হাইওয়ে পুলিশ ফাঁিড়র ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয় একটি বাস। খবর পেয়ে শ্রীমঙ্গল থেকে দমকল কর্মীরা দূর্ঘটনাস্থলে পৌঁছে সংকটাপন্ন অবস্থায় দুইজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান যাদব মারা গেছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হরিপদ রায় জানান, ভর্তির আধ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় চঞ্চলের মৃত্যু হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যাহ জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৮ ঘ.