ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর নকশা প্রণয়নে সোমবার ১৪০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি।
কমিটির এক সভা শেষে অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, "২০০৭ সালের মে মাসে পদ্মা সেতুর নকশা প্রণয়নে পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। আজ (সোমবার) মন্ত্রিপরিষদ কমিটি এ পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে।"
অর্থ মন্ত্রী বলেন, "নিউজিল্যান্ডের কোম্পানি ম্যানসেল লিমিটেড অ্যাকম পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে। এজন্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৪০ কোটি টাকা যার মধ্যে নকশা প্রণয়নে মূল ব্যয় হবে ১৩১ কোটি টাকা। ২২ মাসে নকশা প্রণয়নের কাজ সম্পন্ন হবে। এশীয় উন্নয়ন ব্যাংক এ প্রকল্পে অর্থায়ন করবে। নকশা প্রণয়নের কাজ শেষ হলে মূল সেতু নির্মাণের কাজ শুরু হবে।"
যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, "নতুন সরকারের দায়িত্ব গ্রহণের ১২ কর্ম দিবসের মধ্যে নকশা প্রণয়ের অনুমোদন দেওয়া হল। এটি হচ্ছে এ সরকারের প্রথম পদক্ষেপ।
"পদ্মা সেতু নির্মাণ হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগ স্থাপিত হবে। এতে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিল্পায়নসহ মংলা বন্দরে কার্যক্রমের গতি বাড়বে। যা দেশের অর্থনীতিতে দুই শতাংশ জিডিপি বৃদ্ধি করবে।"
যোগাযোগ মন্ত্রী আরো জানান, যে কোম্পানিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে তারা ২২ মাস সময় পেলেও তার আগেই নকশা প্রণয়নের কাজ শেষ করতে পারবে বলে তিনি আশা করছেন। নদী শাসন, ভূমি অধিগ্রহণসহ আনুষঙ্গিক কাজ শেষ করে খুব দ্রুতই এ সেতু নির্মাণের কাজ শুরু হবে।
যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের এক কর্মকর্তা বলেন, "এ সেতু নির্মানে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ১৬২ কোটি টাকা। তবে নকশা প্রণয়ণের পর প্রকল্প ব্যয় চূড়ান্ত করা হবে। এশিয়া উন্নয়ন ব্যংক, জেডিআইসি, বিশ্বব্যাংক এবং ইসলামী উন্নয়ন ব্যাংক যৌথভাবে এ প্রকল্পে অর্থায়ন করার প্রতিশ্র"তি দিয়েছে।"
মন্ত্রিপরিষদ বিভাগের প্রথম এ সভায় সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাণিজ্য মন্ত্রী অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফারুক খান, পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্সাল এ কে খন্দাকার, এবং মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১৬১২র ঘ.
bdnews24