ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি হওয়া ১১৭টি অধ্যাদেশের মধ্যে যেসব অধ্যাদেশ ওই সরকার 'এখতিয়ারের মধ্যে' জারি করেছে সেগুলো অনুমোদন দেওয়ার সুপারিশ করেছে এ সংক্রান্ত বাছাই কমিটি।
রোববার প্রায় তিনঘণ্টা বৈঠক শেষে রাত সাড়ে সাতটার দিকে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার যে অধ্যাদেশগুলো তাদের এখতিয়ারের মধ্যে জারি করেছে সেগুলো আমরা আইন হিসেবে অনুমোদন দেওয়ার সুপারিশ করেছি।"
১১৭টি অধ্যাদেশ তিন ভাগে সংসদে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।
শফিক আহমেদ বলেন, বাছাই কমিটি অধ্যাদেশগুলো সম্পর্কে যে সুপারিশ করেছে তা প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগে যাবে।
তিনি জানান, তিনভাগের মধ্যে কিছু অধ্যাদেশ বিল আকারে, কিছু আলোচনার জন্য ও কিছু বাতিলের উদ্দেশ্যে সংসদে তোলা হবে।
তবে কোন অধ্যাদেশ কোনভাগে পড়েছে এই বিষয়ে সাংবাদিকদের কোনও তথ্য জানায়নি বাছাই কমিটি।
সংবিধান অনুযায়ী এইসব অধ্যাদেশ সংসদ শুরু হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে অনুমোদন করা না হলে তা স্বয়ংক্রিয়ভাবেই বিলুপ্ত বা বাতিল হয়ে যাবে।
আইন মন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিক উল হক, ড. এম জহির, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ড. তওফিক নেওয়াজ, আজমালুল হক কিউ সি ও সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস।
মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জারি করা ১১৭ টি অধ্যাদেশের বৈধতার বিষয়ে ওই বাছাই কমিটি গঠন করা হয়। এটি ছিল কমিটির তৃতীয় বৈঠক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএমএ/এএল/এসকে/২১৩৪ঘ.
bdnews24