ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবালকে দুর্নীতির মামলায় দুই মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এ মামলায় তার সাজার কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
রোববার আদালতে আত্মসমর্পণ করে ডা. ইকবাল জামিনের আবেদন করেন।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ এ আদেশ দেন।
ইকবালের কৌঁসুলি ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিক শুনানিতে বলেন, "আইনের বিধান না মেনেই দুদক মামলাটি দায়ের করেছে। এছাড়া বিশেষ জজ আদালত এখতিয়ার বহির্ভূতভাবে ইকবালকে সাজা দিয়ে রায় দিয়েছে।"
ব্যারিস্টার মানিককে শুনানিতে সহায়তা করেন ব্যারিস্টার জিয়াউল হাসান ও অ্যাডভোকেট মুরাদ রেজা।
ইকবালের জামিন আবেদনের বিরোধিতা করে দুদকের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র অ্যাডভোকেট খান সাইফুর রহমান।
ডা. ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বিরুদ্ধে আর কোন মামলা নেই। এখন আমি মুক্তভাবে চলাফেলা করতে পারব।"
প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৫ জুন ইকবালের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করে দুদক।
গত বছরের ১১ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত এ মামলায় ইকবালকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। সে সময় ইকবাল পলাতক ছিলেন।
গত ১৮ ডিসেম্বর হাইকোর্টের একই বেঞ্চ এ মামলায় ইকবালকে আত্ম সমর্পণের নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এজে/জিএনএ/১৩৫২ ঘ.
bdnews24