দিনাজপুর,জানুয়ারী ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে শুক্রবার গভীর রাতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে। মহাসড়কে একটি ট্রাক আটকে ডাকাতির সময় পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি হয়।
নিহত ডাকাতের নাম আলফাজ আলী সরকার (৩০)।
ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) তিনজন। এরা হলেন- এএসআই সাদেকুল (৩২), ট্রাক চালক সাজ্জাদ (৪০) ও তার সহকারী মংলু (৫০)। এদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল হাকিম জানান, শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার নুরজাহানপুর এলাকায় মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ২৫ থেকে ৩০ জন ডাকাত। তারা ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাক আটক করে। এ সময় চালক ও তার সহকারী বাধা দিলে ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে।
ঘটনার সময় পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছালে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশ পাল্টা গুলি করলে আলফাজ গুলিবিদ্ধ হন। পরে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তার মৃত্যু হয়।
ডাকাতদের হাতেনাতে ধরতে গেলে এএসআই সাদেকুলকে পেটে ছুরিকাঘাত করা হয়।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি, পাঁচটি গুলির খোসা, একটি ছোরা এবং একটি নোট বুক উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৪ ঘ.
bdnews24