২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাজারো শ্রমিকের মিলন মেলা

দশ কিলোমিটার দূরের কাঠগড় এলাকা থেকে এম এ আজিজ স্টেডিয়ামে এসেছেন আফসানা বেগম। তার মত নগরীর অপর প্রান্ত কালুরঘাট এলাকার বাদশা মিয়াও দুপুর না হতেই চলে এসেছেন স্টেডিয়ামে শ্রমিকদের মিলন মেলায়। তাদের মত অন্তত পনের হাজার পোশাক কর্মী শুক্রবার বিকেলে সমবেত হয়েছিলেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত এ মিলন মেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দশ কিলোমিটার দূরের কাঠগড় এলাকা থেকে এম এ আজিজ স্টেডিয়ামে এসেছেন আফসানা বেগম। তার মত নগরীর অপর প্রান্ত কালুরঘাট এলাকার বাদশা মিয়াও দুপুর না হতেই চলে এসেছেন স্টেডিয়ামে শ্রমিকদের মিলন মেলায়। তাদের মত অন্তত পনের হাজার পোশাক কর্মী শুক্রবার বিকেলে সমবেত হয়েছিলেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত এ মিলন মেলায়। পোশাক শ্রমিকদের সাদামাটা দৈনন্দিনতায় এক চিলতে আনন্দ আর বিনোদনের উপলক্ষ হয়ে ধরা দিয়েছে এ বিকেলটি। নগরীর নানা প্রান্ত থেকে ছুটে আসা শ্রমিকদের উচ্ছাস আর হুল্লোড়ে দুপুর না হতেই মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম চত্বর। গান আর বিনোদনে ছুটির দিনটি উপভোগ করার এমন সুযোগ খুব একটা পাওয়া হয়নি তাদের। সে কারণে নানা বয়সের নারী ও পুরুষ দল বেধে এসেছেন তাদের প্রিয় গায়িকা মমতাজকে দেখতে আর তার গান শুনতে। চট্টগ্রামের পাঁচ শতাধিক পোশাক কারখানার শ্রমিকদের জন্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিজিএমইএ। এ উপলক্ষে নগরীর অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। গত বছর নারায়ণগঞ্জে নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) শ্রমিকদের জন্য এ ধরনের মিলন মেলার আয়োজন করেছিল। বিকেএমইএ'র মত বিজিএমইএ'র এ উদ্যোগকে তাদের জন্য এক দারুণ উপহার হিসেবে উল্লেখ করেছেন রশিদ, শাওন ও রহিমের মত অনেক পোশাক শ্রমিক। বিনে পয়সায় মমতাজকে দেখা ও তার গান শোনা ভাগ্যের ব্যাপার বলে উল্লেখ করেছেন রিচি অ্যাপারেলসের শাহিদা। বিকেল সোয়া তিনটায় সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী হাজার হাাজর পোশাক শ্রমিকের করতালির মধ্যে বর্ণাঢ্য এ অনুষ্ঠান উদ্বোধন করেন রঙ রেঙয়ের বেলুন উড়িয়ে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি কারখানা মালিক ও কর্মীদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরির জন্য এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য বিজিএমইএ'র প্রশংসা করেন। মেয়র বলেন, "যাদের রক্ত আর ঘামে গড়ে ওঠে এক একটি বিশাল কারখানা সেই শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে মালিকদেরও অবদান রাখতে হবে।" একে অপরকে প্রতিপক্ষ না ভেবে এক কাতারে থেকে কাজ করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি মালিক ও শ্রমিকদের প্রতি আহবান জানান। চট্টগ্রামের ফতেয়াবাদে ১৫০ একর জায়গা নিয়ে একটি 'গার্মেন্টস ভিলেজ' তৈরির আগের অঙ্গীকার এ সরকারের আমলে বাস্তবায়ন করা হবে বলে আবারও আশ্বাস দিয়েছেন মেয়র। একইসঙ্গে তিনি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিজিএমইএ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এবং প্রথম সহ-সভাপতি এম এ ছালাম। বক্তৃতা পর্বের পর বেশ কয়েকজন পোশাক শ্রমিক গান গেয়ে শোনান। এরপর শিল্পী আতিক ও মমতাজ মাতিয়ে তোলেন স্টেডিয়ামে উপস্থিত পনের হাজারের বেশি মানুষকে। গানের মাঝে মাঝে লটারির মাধ্যমে ১৫০ জন শ্রমিককে টেলিভিশন, মোবাইলসহ বিভিন্ন ধরনের পুরষ্কার দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৩৪ ঘ.