ঢাকা, জানুয়ারী ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) এর সঙ্গে কথিত ক্রসফায়ারে মারা গেছে যাত্রাবাড়ী এলাকার 'শীর্ষ সন্ত্রাসী' আঃ কাদের ওরফে বড় মিয়া শাহীন।
একই ঘটনায় এক র্যাব কর্মকর্তাও আহত হয়েছে বলে দাবি করেছে র্যাব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের সান্তা গ্রামে এ ঘটনা ঘটে। র্যাব ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ৩৬ রাউন্ড গুলি, ২টি ছুরি ও চাপাতি উদ্ধার করেছে।
র্যাব সদস্যরা নিহত শাহীনের স্ত্রী শাহানাকে আটক করেছে। এছাড়া আহত ৪ জনকে র্যাব প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, শাহীনের ভাবি কুলসুম বেগম (২২), তার ছেলে ইয়ামিন (দেড় বছর), কুলসুমের মা নুরজাহান বেগম (৪৫) ও ভাই ফরিদ (২২)। এদর মধ্যে কুলসুমের মাথায়, ইয়ামিনের বাম হাতে, অপরদুজনের শরীরে গুলি লাগে।
র্যাব-১০ বলছে, তাদের একজন কর্মকর্তা, মেজর সাজ্জাদের শরীরে তিনটি গুলিবিদ্ধ হয়েছে। তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
তবে তার অবস্থা আশংকামুক্ত বলেও জানিয়েছে তারা।
কুলসুম বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শাহীন তার স্বামীর সৎভাই। তার স্ত্রী শাহানা তিনদিন আগে এই বাড়িতে বেড়াতে আসে। দুইদিন আগে শাহীন এসে সেখানে আশ্রয় নেয়।
র্যাব প্রহরায় চিকিৎসাধীন কুলসুম বলেন, "বৃহস্পতিবার রাতে শাহীন ও তার স্ত্রী বারান্দায় ঘুমিয়ে ছিল। অন্যান্য ছিল ঘরের ভিতর। গভীর রাতে গোলাগুলির শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। এরপরে গুলিবিদ্ধ হলে মাটিতে পড়ে যাই।"
র্যাব কর্মকর্তাদের উপস্থিতিতে কুলসুম বলেন, তিনি শাহীনকে বাইরের দিকে গুলি ছুড়তে দেখেছেন।
র্যাব বলছে, "শাহীনের বিরুদ্ধে শ্যামপুর ও কদমতলী থাকায় হত্যা, চাদাবাজি ও বাড়ি দখলের একাধিক অভিযোগ আছে। বিভিন্ন থানায় ১০টি হত্যা মামলাসহ ২০ টির বেশি মামলা রয়েছে।
"বৃহস্পতিবার রাতে তার অবস্থানের খবর পেয়ে সান্ত গ্রামে র্যাব অভিযান চালায়। কিন্তু সন্ত্রাসীরা তাদের দিকে গুলি ছুড়লে র্যাবও গুলি ছুড়তে বাধ্য হয়। উভয়পক্ষের সংঘর্ষে শাহীন ঘটনাস্থলেই নিহত হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএনএ/২০৩৩ ঘ.
bdnews24