ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়তুল মোকাররমের খতিব নিয়ে শুক্রবার সংঘটিত জুতোজুতির প্রেক্ষাপটে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, বায়তুল মোকারমের নতুন খতিবের বিষয়ে বিতর্ক রয়েছে। তাই তার খতিব হওয়া উচিত নয়।
মাওলানা ফজলুল হক আমিনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শুনেছি, নতুন খতিব আটরশির মুরিদ। কিন্তু আটরশি একটি বিতর্কিত স্থান। তাই তার কোন মুরিদের জাতীয় মসজিদের খতিব হওয়া উচিত নয়।"
শুক্রবার বায়তুল মোকাররম এর নতুন খতিবের বিরোধীতা করে মসজিদের বাইরে বিক্ষোভকারীদের কয়েকজন নিজেদের মাওলানা ফজলুল হক আমিনীর অনুসারী বলে দাবী করে। আগের শুক্রবারও জুম্মার নামাজে একই কারণে জুতোজুতি হয়।
ইদ্রিস হোসেন নামের যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার ছাত্র বলেন, "আমি নতুন খতিবকে চিনি না। তবে আমিনী হুজুর বলেছেন, তার নামাজ পড়ানোর যোগ্যতা নেই। তাই আমি মিছিল করতে এসেছি।"
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে ফজলুল হক আমিনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'আমি কাউকে পাঠাই নাই। বিক্ষোভ করার জন্যেও কাউকে নির্দেশ দেই নাই।'
তিনি বলেন, "যেহেতু নতুন খতিবের বিরুদ্ধে অভিযোগ ও বিতর্ক রয়েছে, অতএব সরকারের উচিত, বিভিন্ন নামী মাদ্রাসার আলেমদের নিয়ে কমিটি গঠন করা। এই কমিটিই খতিব নির্ধারণের বিষয়টি সমাধান করে দেবে।
"ঘটনা যাই হোক, মসজিদের মধ্যে জুতা মারা, মারামারি করা অত্যন্ত নিন্দনীয় কাজ। এটা সমর্থন করা যায় না।"
মিছিলে অংশগ্রহণকারীরা বেশিরভাগই ঢাকার আশেপাশের কওমী মাদ্রাসা থেকে এসেছে বলে জানিয়েছে। তাদের বয়স ১৫ থেকে ২৫ এর মধ্যে। তারা নতুন খতিব সালাউদ্দিনের বিরুদ্ধে ছাপানো লিফলেট বিতরণ করে।
বায়তুল মোকাররমে নতুন খতিব সালাউদ্দিন আহমেদ শুক্রবার জুম্মার নামাজ পড়াতে গেলে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনকারীদের মসজিদ থেকে বের করে দেয়া হয়।
পরে তারা বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিয়ে রাস্তার ওপরে হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহর ইমামতিতে নামাজ পড়েন। নামাজের খুতবায় মুফতি আবদুল্লাহ দাবি করেন, নতুন খতিবের পিছনে নামাজ জায়েজ হবে না। নামাজ শেষে তারা নতুন খতিবের অপসারণ দাবি করে জুতা নিয়ে বিক্ষোভ মিছিলও করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআইটি/কিউএইচ/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24